tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকইমরানের বোন আলিমা খানকে ৩০ দিনের আটকাদেশ

ইমরানের বোন আলিমা খানকে ৩০ দিনের আটকাদেশ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খান ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা মুহাম্মদ আমিরকে ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দিয়েছে লাহোর প্রশাসন। জনশৃঙ্খলা রক্ষার জন্য ব্যবহৃত ‘এমপিও’ আইনের ৩ নম্বর ধারায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আটকাদেশের পর কঠোর নিরাপত্তার মধ্যে আলিমা খান ও মুহাম্মদ আমিরকে লাহোরের কোট লাখপাত কারাগারে পাঠানো হয়। পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, গত ৯ মে বিক্ষোভ ও সড়ক অবরোধের সময় তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে পিটিআই কর্মীদের উসকানি দেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

পুলিশের ভাষ্য, আলিমা খান ও মুহাম্মদ আমিরকে বাইরে রাখা হলে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এ আশঙ্কায় জননিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারের কাছে আবেদন করার সুযোগ রয়েছে তাদের।

এর আগে লাহোরের লিটন রোড এলাকা থেকে আলিমা খানকে আটক করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আলিমা খানকে আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পিটিআই সভাপতি ব্যারিস্টার গোহর খান। তার অভিযোগ, সরকার ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। আগামী ২৭ সেপ্টেম্বরের কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে দাবি করে তিনি বলেন, রাজনৈতিক আন্দোলন দমনের উদ্দেশ্যেই আলিমা খানকে আটক করা হয়েছে।

আলিমা খানকে দ্রুত মুক্তি দেওয়ার পাশাপাশি এ ধরনের পদক্ষেপ বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গোহর খান।

সূত্র: সামা টিভি