যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। শুক্রবার রয়টার্সকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
ট্রাম্প বলেন, “আমরা যৌথভাবে এটি করব। ইরানের সঙ্গে সমন্বয় করে ধীরে সুস্থে ভেতরে প্রবেশ করে বড় যন্ত্রপাতি দিয়ে খননকাজ শুরু করা হবে, এরপর সেগুলো যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে।”
তিনি ‘পারমাণবিক ধুলো’ প্রসঙ্গও তোলেন এবং দাবি করেন, এটি খুব শিগগিরই উদ্ধার করা সম্ভব হবে। তবে এ বিষয়ে ইরান সরাসরি আপত্তি জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, “ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোথাও হস্তান্তর করা হবে না। যুক্তরাষ্ট্রে স্থানান্তরের কোনো প্রশ্নই ওঠে না।”
ধারণা করা হচ্ছে, ট্রাম্পের ‘পারমাণবিক ধুলো’ বলতে গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনায় অবশিষ্ট উপাদানকেই বোঝানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরানের কাছে বর্তমানে ৬০ শতাংশ বিশুদ্ধতায় সমৃদ্ধ ৯০০ পাউন্ডেরও বেশি ইউরেনিয়াম রয়েছে। এই বিষয়টি যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সবচেয়ে জটিল ইস্যুগুলোর একটি হয়ে উঠেছে।
ট্রাম্প বলেন, সাম্প্রতিক উত্তেজনার অন্যতম কারণ ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। অন্যদিকে ইরান দাবি করছে, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ বজায় থাকবে বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, “আমি মনে করি চুক্তিটি খুব দ্রুত হবে। ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো।”
তিনি আরও জানান, আলোচনা অব্যাহত থাকবে এবং সম্ভবত সপ্তাহের শেষেই নতুন বৈঠক হতে পারে। চুক্তি হলে তিনি ইসলামাবাদ সফরের সম্ভাবনার কথাও উল্লেখ করেন।
এ ছাড়া প্রণালী থেকে মাইন অপসারণের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কাজ করছে বলে জানান ট্রাম্প। ইউরেনিয়ামের বিনিময়ে ২০ বিলিয়ন ডলার নগদ লেনদেনের যে খবর প্রকাশিত হয়েছে, তা নাকচ করে তিনি বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা—কোনো অর্থ লেনদেন হচ্ছে না।”



