tanaka
প্রচ্ছদজাতীয়সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতায় সরকার বা জনগণ মোটেও শঙ্কিত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ তথাকথিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছে। তবে দেশবাসী ইতোমধ্যে তাদের বর্জন ও প্রত্যাখ্যান করেছে। আইনশৃঙ্খলা বাহিনীও এসব ঘটনায় জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করছে। শনাক্ত ব্যক্তিদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগের এসব অপতৎপরতায় সরকার ও জনগণ মোটেও শঙ্কিত নয়।

অপ্রতীম হত্যায় দ্রুত চার্জশিটের উদ্যোগ

কুমিল্লায় কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যাকাণ্ডের ঘটনায় দুঃখপ্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই নিহত কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়। ইতোমধ্যে তারা নিজেদের অপরাধের কথা স্বীকার করেছে বলেও দাবি করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, গ্রেফতার ব্যক্তিরা কিশোর অপরাধ চক্রের সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে নিহত কিশোরের মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আইনি কার্যক্রম শেষ করে মামলার চার্জশিট দাখিল করা হবে।

রামিসা হত্যাকাণ্ডের মতো অপ্রতীম হত্যার বিচারও যাতে স্বল্প সময়ে সম্পন্ন হয়, সে জন্য বিচার বিভাগকে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

শিশু নিখোঁজের তথ্য গুরুত্ব দিয়ে দেখছে সরকার

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) শিশু নিখোঁজসংক্রান্ত পরিসংখ্যানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। এ-সংক্রান্ত তথ্য ও উপাত্ত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

তিনি বলেন, সামাজিক অবক্ষয় বর্তমানে বিভিন্ন ধরনের অপরাধের অন্যতম কারণ হয়ে উঠছে। প্রায় সব ক্ষেত্রেই দেখা যায়, সাইবার স্পেসে সংঘটিত অপরাধের সঙ্গে মাদক, জুয়া বা পর্নোগ্রাফির মতো বিভিন্ন অনুষঙ্গ জড়িত।

সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

তেজগাঁওয়ের ঘটনায় ১১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে

রাজধানীর তেজগাঁওয়ের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ জনকে আটক করা হয়েছিল। তাদের মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ১১ জনকে নিরপরাধ হিসেবে শনাক্ত করে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

অন্যরা ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি নতুন উগ্রবাদী সংগঠন গড়ে তোলার চেষ্টা করছিল বলে জানান তিনি। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়েছে।

গ্যাস সরবরাহ বাড়াতে ১৫০ কূপ খননের পরিকল্পনা

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত আমলের পুঞ্জীভূত সমস্যার কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাময়িক সংকট তৈরি হয়েছে। তবে বর্তমান সরকার দেশের নিজস্ব সম্পদ আহরণে গুরুত্ব দিচ্ছে।

দেশের শিল্প খাতে গ্যাসের ধারাবাহিক সরবরাহ নিশ্চিত করতে ২০৩০-৩১ সালের মধ্যে নতুন ১৫০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এরই অংশ হিসেবে তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে দৈনিক ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। নিজস্ব প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বাংলাদেশ দ্রুত গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হবে এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকটের স্থায়ী সমাধান হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিরোধী দলের লংমার্চে সহযোগিতা করছে আইনশৃঙ্খলা বাহিনী

বিরোধী দলের লংমার্চ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক সংস্কৃতিতে যেকোনো রাজনৈতিক দলের গঠনমূলক সমালোচনা ও কর্মসূচি পালনের অধিকার রয়েছে।

তিনি বলেন, বিরোধী দলের লংমার্চগুলো সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এসব কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা করছে।