কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন একটি ব্রিজের ওপর অবস্থানকালে হঠাৎ তারা কেন্দ্রের ভেতরে আগুন জ্বলতে দেখতে পান। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।
ঘটনাটি নিশ্চিত করে মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ সেন জানান, তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে ক্র্যাব সংরক্ষণের ভাগাড়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একযোগে কাজ করছে।
উল্লেখ্য, বঙ্গোপসাগরের উপকূলঘেঁষা মাতারবাড়ীতে নির্মিত এই তাপবিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। এটি একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র।



