tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকমাঝআকাশে পাওয়ার ব্যাংকে আগুন, জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

মাঝআকাশে পাওয়ার ব্যাংকে আগুন, জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

ভারতের দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে নিরাপত্তার স্বার্থে বিমানটিকে হায়দরাবাদে জরুরি অবতরণ করানো হয়।

রোববার (১১ অক্টোবর) ইন্ডিগোর ‘৬ই ৬১১৫’ ফ্লাইটটি আকাশে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে। বিমানের মাথার ওপরের মালপত্র রাখার বাক্সে (ওভারহেড কম্পার্টমেন্ট) রাখা একটি পাওয়ার ব্যাংকে আগুন ধরে যায়। সেখান থেকে ধোঁয়া বের হতে শুরু করলে পরিস্থিতি সামাল দিতে তৎপর হন যাত্রী ও কেবিন ক্রুরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আগুন নেভাতে প্রথমে যাত্রীরা নিজেদের ব্যাগ ব্যবহার করে চেষ্টা করেন। পরে বিমানের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর বিমানটি নিরাপদে হায়দরাবাদে অবতরণ করে। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে পরবর্তী সময়ে বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়।

ঘটনাটির পর উড়োজাহাজে পাওয়ার ব্যাংক ও লিথিয়াম ব্যাটারি বহনের নিরাপত্তাবিধি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইন্ডিগো ও ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের (ডিজিসিএ) নিয়ম অনুযায়ী, পাওয়ার ব্যাংক এবং লিথিয়াম ব্যাটারি হাতব্যাগে রাখতে হয়। এগুলো চেক-ইন করা লাগেজে দেওয়া কিংবা মাথার ওপরের মালপত্র রাখার বাক্সে রাখা উচিত নয়।

নিরাপত্তার কারণে পাওয়ার ব্যাংক যাত্রীর নাগালের মধ্যে, যেমন সামনের সিটের পকেটে, সিটের নিচে বা নিজের কাছে রাখার নির্দেশনা রয়েছে। কারণ, মাথার ওপরের বন্ধ বাক্সে আগুন লাগলে তা শনাক্ত করতে দেরি হতে পারে। ফলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়ে।

নিয়ম অনুযায়ী, বিমান কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে একজন যাত্রী সর্বোচ্চ ১০০ ওয়াট-আওয়ার ক্ষমতার দুটি পাওয়ার ব্যাংক বহন করতে পারেন। তবে ফ্লাইট চলাকালে পাওয়ার ব্যাংক ব্যবহার করে মোবাইল ফোন বা অন্য ডিভাইস চার্জ দেওয়া এবং বিমানের নিজস্ব বিদ্যুৎ সংযোগ থেকে পাওয়ার ব্যাংক চার্জ করাও নিষিদ্ধ।

বিশেষজ্ঞদের মতে, পাওয়ার ব্যাংক বহন পুরোপুরি নিষিদ্ধ করার পরিবর্তে নির্ধারিত নিয়ম মেনে চলা এবং যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। এতে এ ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানো সম্ভব।

সূত্র: এনডিটিভি