tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনমধ্যরাতে গুলশানে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার মুখোমুখি বিতর্কিত পরীমনি

মধ্যরাতে গুলশানে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার মুখোমুখি বিতর্কিত পরীমনি

রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। রোববার (৮ নভেম্বর) মধ্যরাতে শুটিং ক্লাবের একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছেন এই অভিনেত্রী। একই সঙ্গে অনুষ্ঠানের স্টলও ভাঙচুরের অভিযোগ তুলেছেন তিনি।

রাত পৌনে ১টার দিকে ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ করেন পরীমনি। এ সময় নিজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ফেসবুক লাইভে পরীমনি জানান, শুটিং ক্লাবে পাঁচ দিনব্যাপী একটি অনুষ্ঠান চলছিল। রোববার ছিল এর শেষ দিন। অনুষ্ঠানে নির্ধারিত সময়ে মঞ্চে উঠতে না পারলেও দর্শকেরা পুরো আয়োজন উপভোগ করেছেন বলে দাবি করেন তিনি।

পরীমনির অভিযোগ, অনুষ্ঠান শেষ হওয়ার পর একজন আক্রমণাত্মক ভঙ্গিতে আপত্তি তোলেন। তাঁর ভাষায়, ‘পুরো প্রোগ্রাম শেষ হওয়ার পরে একজন আওয়াজ তুললো। অ্যাটাকিং মোডে আওয়াজ তুললো।’

অনুষ্ঠানে অন্য শিল্পীরাও উপস্থিত ছিলেন উল্লেখ করে পরীমনি বলেন, কারও কোনো ক্ষোভ বা অভিযোগ থাকলে তা সরাসরি তাঁর সঙ্গে আলোচনা করা উচিত ছিল। এভাবে পরিস্থিতি উত্তপ্ত করার কোনো প্রয়োজন ছিল না।

তিনি আরও অভিযোগ করেন, অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পরিস্থিতির কারণে তিনি থানায় ফোন করতে বাধ্য হন। এমনকি গাড়িতে উঠতেও পারেননি বলে দাবি করেন এই অভিনেত্রী।

পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন পরীমনি। তিনি বলেন, ‘গুলশান থানা পুলিশ এখানে থাকার পরও তারা আমাকে বের করতে পারতেছিল না, অতিরিক্ত পুলিশ তারা কল করে। তাহলে দেশটা কার হাতে।’

ঘটনার জন্য দায়ীদের সমালোচনা করে পরীমনি তাঁদের বিরুদ্ধে ‘ইয়েলো জার্নালিজম’ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলেন। একই সঙ্গে দেশে শিল্পীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

পরীমনি বলেন, ‘কোথায় এই দেশের নিরাপত্তা। আমি তাহলে ঘোমটা পরেই থাকি, এই করবো।’

এ ছাড়া অনুষ্ঠানের স্টল ভাঙচুরের অভিযোগ তুলে এর দায়ভার কারা নেবে, সেই প্রশ্নও রাখেন তিনি। পরীমনির ভাষায়, ‘এসব ভাঙচুরের দায়িত্ব কে নেবে। এ দেশের রাষ্ট্র নেবে? অনেক আর্টিস্ট আছে তারা যে হেনস্তা হলো এটার দায়িত্ব কে নেবে? আমার সঙ্গে যদি কোনো ক্ষোভ থেকে থাকে তাহলে আমার সঙ্গে বসুক আমার সঙ্গে বুঝুক।’

এদিকে ঘটনার বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বলেন, ‘একটা সমস্যা হয়েছিল। পরীমনি চলে গেছেন। আর কোনো ঝামেলা হয়নি।’

পরীমনির গাড়ি কিংবা অনুষ্ঠানের স্টল ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ভাঙচুরের কোনো ঘটনা ঘটেছে বলে তাঁর জানা নেই। পরীমনি সুস্থভাবে ফিরে গেছেন বলেও জানান তিনি।