মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে দ্রুত ও কার্যকর উদ্যোগ নিতে বিশ্বনেতাদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, চলমান যুদ্ধ বিশ্বকে আরও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। ইতোমধ্যেই সংঘাতে বিপর্যস্ত পৃথিবী নতুন করে গভীর সংকটে পড়ছে।
ড. ইউনূস উল্লেখ করেন, এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, বিশেষ করে শিশুরা। হামলায় প্রাণহানি ঘটছে, ধ্বংস হচ্ছে ঘরবাড়ি, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান। একই সঙ্গে মানুষের মৌলিক প্রয়োজনগুলো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তিনি বলেন, এটি শুধু একটি আঞ্চলিক সংকট নয়; বরং পুরো মানবজাতির জন্য একটি বড় নৈতিক পরীক্ষা। যুদ্ধের প্রভাব বিশ্বব্যাপী অনিশ্চয়তা ও অস্থিরতা বাড়াচ্ছে, যার সবচেয়ে বড় চাপ পড়ছে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর।
বৈশ্বিক ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে ড. ইউনূস বলেন, সাহস, সহমর্মিতা ও সুস্পষ্ট লক্ষ্য নিয়ে এখনই বিশ্বকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক আইন রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। সামরিক উত্তেজনার পরিবর্তে কূটনৈতিক সংলাপ ও বহুপাক্ষিক সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়ার ওপর তিনি জোর দেন।
সবশেষে তিনি বলেন, এটি কেবল ভূরাজনীতি বা ক্ষমতার লড়াই নয়; এটি মানব সভ্যতার ভবিষ্যতের প্রশ্ন। তাই যুদ্ধের পরিবর্তে শান্তি, সংঘাতের বদলে সংলাপ এবং বিভাজনের পরিবর্তে ঐক্যের পথ বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।



