বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত এ বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে ভারত।
বৈঠকে জয়শঙ্কর জানান, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা আরও সহজ ও দ্রুত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই প্রক্রিয়া কার্যকর হতে পারে।
এ ছাড়া, দুই দেশ গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলোতে নিয়মিত পরামর্শ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। বৈঠকে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও আলোচনা হয়েছে।
এ সময় ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহিদ শরিফ বিন ওসমান হাদি হত্যা মামলার দুই আসামির বিষয়টিও আলোচনায় আসে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মতি দিয়েছে।



