ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা শুধু অভিনয়েই নয়, নাচেও সমান পারদর্শী। সম্প্রতি কোক স্টুডিও বাংলার জনপ্রিয় গান ‘মহা জাদু’-এর তালে মঞ্চ মাতালেন এই অভিনেত্রী। তার নাচের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও তাজিকিস্তানের শিল্পী মেহেরনিগার রুস্তম-এর গাওয়া এই গানটি কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের ষষ্ঠ গান। বাংলা ও ফারসি ভাষার দারুণ মেলবন্ধনে তৈরি ‘মহা জাদু’ প্রকাশের পর থেকেই সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এবার সেই গানেই তানজিন তিশার নাচ দর্শক-নেটিজেনদের মধ্যে নতুন উচ্ছ্বাস যোগ করেছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে ‘মহা জাদু’ গানে লাস্যময়ী নাচ পরিবেশন করে দর্শকদের মন জয় করেন তিশা। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাচের প্রশংসা করে লিখেছেন— “তানজিন তিশা যেন সত্যিকারের ডান্সিং ডিভা”, “তার নাচে ‘মহা জাদু’ গানটি যেন নতুন প্রাণ পেয়েছে।”
উল্লেখ্য, বাউল শাহ খোয়াজ মিয়া-র লেখা ও সুরে তৈরি এ লোকগানটির আধুনিক সংগীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ। চলতি বছরের ২৬ জুন প্রয়াত হন এই বাউল শিল্পী। মৃত্যুর পরও তার সৃষ্টি ‘মহা জাদু’ নতুন সংগীতায়োজনের মাধ্যমে পেয়েছে অমর জনপ্রিয়তা।



