দেশে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও কার্যকর করতে এবং পরিচালনায় বিদ্যমান আইনগত, নীতিগত ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে ৭ সদস্যের একটি উচ্চপর্যায়ের সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছে সরকার।
রোববার (১২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টাকে কমিটির সভাপতি করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন— জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দফতর ও সংস্থার আওতায় পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রমে বিদ্যমান সব ধরনের আইনগত, নীতিগত ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা চিহ্নিত করবে। পাশাপাশি এসব সমস্যা সমাধানে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি সুপারিশ প্রণয়ন করবে, যাতে ভ্রাম্যমাণ আদালতের কার্যকারিতা আরও বৃদ্ধি পায়।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের সহায়ক পরিচালনা ব্যবস্থা, প্রয়োজনীয় উপকরণ ও আনুষঙ্গিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যেও কমিটি সুনির্দিষ্ট সুপারিশমালা তৈরি করবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই কমিটি তাদের কাজের সুবিধার্থে যেকোনো মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর বা সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদের নিজেদের সভায় আমন্ত্রণ জানাতে পারবে। কমিটি প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় সভা আহ্বান করতে পারবে এবং মন্ত্রিপরিষদ বিভাগের ‘জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ’ এই কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।



