ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহারের জন্য ভোটের বিভিন্ন সামগ্রী সরবরাহ শুরু হয়েছে। কয়েক মাস আগে দেওয়া কার্যাদেশের ভিত্তিতে সেপ্টেম্বরের শুরু থেকেই ধাপে ধাপে এসব সামগ্রী রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে এনে সংরক্ষণ করা হচ্ছে।
ইসির উপ-সচিব রাশেদুল ইসলাম জানান, ইতোমধ্যে লালগালা, স্বচ্ছ ব্যালট বাক্সের তালা, অফিসিয়াল সিল, মার্কিং সিল, বড় হেসিয়ান ব্যাগ এবং ছোট হেসিয়ান ব্যাগ—এই ছয় ধরনের সামগ্রীর সরবরাহ শুরু হয়েছে। এর মধ্যে বড় ও ছোট হেসিয়ান ব্যাগের পুরো চাহিদা পূরণ করে সরবরাহ সম্পন্ন হয়েছে। বাকি সামগ্রীও ধাপে ধাপে এসে পৌঁছাচ্ছে।
এবার ভোটার সংখ্যা প্রায় পৌনে ১৩ কোটিতে পৌঁছাতে পারে। সেই অনুযায়ী প্রায় ৪৫ হাজার ভোটকেন্দ্র এবং দুই লাখের বেশি ভোটকক্ষ প্রস্তুতের প্রয়োজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।



