বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি যেন কেউ জনগণের ভোটের অধিকার ছিনতাই করতে না পারে বা ষড়যন্ত্রের মাধ্যমে ভোটের ফল পরিবর্তন করতে না পারে—সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।
রোববার বিকেলে মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয়ের মাঠে ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী সানজিদা ইসলামের সমর্থনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ভোটারদের উদ্দেশে তারেক রহমান বলেন, “আপনাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে—যাতে কেউ আপনাদের ভোটকে ‘আমি-ডামি’র নির্বাচনে পরিণত করে বাক্সে বন্দী করতে না পারে। কেউ যেন ষড়যন্ত্র করে আপনাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে।”
তিনি আরও বলেন, “আমরা মানুষের আওতার বাইরে কোনো প্রতিশ্রুতি দিতে চাই না। আমরা সেই প্রতিশ্রুতিই দিতে চাই, যেটা বাস্তবায়নের তৌফিক আল্লাহ মানুষকে দিয়েছেন।”
একটি গোষ্ঠী ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করে বিএনপির চেয়ারম্যান বলেন, “তারা শুধু বিভ্রান্তিই করছে না, নানামুখী ষড়যন্ত্রেও লিপ্ত। ইতিমধ্যে আমরা দেখেছি, তাদের দলের লোকজন নকল সিল তৈরি করতে গিয়ে ধরা পড়েছে। আবার সরল মা-বোনদের কাছ থেকে এনআইডি নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে।”
কোনো দলের নাম উল্লেখ না করে তারেক রহমান আরও বলেন, “অতীতেও আমরা দেখেছি, দেশের স্বাধীনতার সময় এই মহল দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করেছিল। নব্বইয়ের আন্দোলনের সময়ও তারা জনগণকে ফেলে রেখে তৎকালীন স্বৈরাচারের সঙ্গে নির্বাচনে অংশ নিয়েছিল। বিভিন্ন সময়ে জনগণকে ছেড়ে যাওয়ার দৃষ্টান্ত এই মহলের রয়েছে।”



