চীন থেকে চারটি নতুন জাহাজ কেনার লক্ষ্যে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকায় এ চুক্তিতে চীন সরকারের পক্ষে দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী যৌথভাবে স্বাক্ষর করেন।
ঢাকার চীনা দূতাবাস জানায়, কেনা চারটি জাহাজের মধ্যে দুটি হবে ক্রুড অয়েল মাদার ট্যাংকার এবং অপর দুটি মাদার বাল্ক ক্যারিয়ার। এসব জাহাজ ক্রয়ে মোট ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার কিনতে ব্যয় হবে ১৫ কোটি ১৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার এবং দুটি মাদার বাল্ক ক্যারিয়ার কেনায় ব্যয় হবে ৮ কোটি ৯৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চারটি নতুন জাহাজ সংগ্রহ প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের নৌপরিবহন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে এটি বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে এবং দেশের সামুদ্রিক স্বায়ত্তশাসন আরও সুদৃঢ় হবে।
তিনি আরও বলেন, চীন বাংলাদেশের জনগণের সঙ্গে সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং চীন–বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী।



