tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদরাজনীতিভোটাধিকার নিশ্চিত করতে বাধা এলে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের

ভোটাধিকার নিশ্চিত করতে বাধা এলে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের

দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণকে আর পিছিয়ে না থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কেউ যদি ভোট দিতে বাধা দেয়, তবে জনগণকে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা জরুরি।

শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় জেলা চিনিকল মাঠে ১০ দলীয় ঐক্য জোট আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশ থেকে দখলদারত্ব, চাঁদাবাজি, দুর্নীতি ও স্বৈরতন্ত্র সম্পূর্ণভাবে নির্মূল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সৃষ্টি করে একটি বেকারমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে। দেশের মানুষ যেন কারও দয়ার ওপর নির্ভরশীল না থাকে, সে লক্ষ্যেই দলটি কাজ করবে। নারী ও পুরুষের সম্মিলিত অংশগ্রহণে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকারও করেন তিনি।

উত্তরবঙ্গের উন্নয়ন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, স্বাধীনতার পর থেকেই এ অঞ্চলকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে এবং সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে। পরিশ্রমী জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও তারা অবহেলার শিকার। এই অঞ্চলে বেকারত্ব দূর করার প্রতিশ্রুতিও দেন তিনি।

চিকিৎসা ব্যবস্থার দুরবস্থার কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, অনেক মানুষ চিকিৎসা নিতে যাওয়ার পথেই প্রাণ হারাচ্ছেন। তিনি জানান, ক্ষমতায় এলে দেশের ৬৪টি জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে এবং পঞ্চগড়েও একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে।

উন্নয়ন অর্থায়ন প্রসঙ্গে তিনি বলেন, বিদেশে পাচার হওয়া প্রায় ২৮ লাখ কোটি টাকা উদ্ধার করেই দেশের উন্নয়নের অর্থ সংস্থান করা হবে এবং ভবিষ্যতে যেন কেউ দুর্নীতিতে জড়াতে না পারে, সে ব্যবস্থা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, দেশের দুঃসময়ে জামায়াতে ইসলামী কখনো জনগণকে ফেলে পালায়নি এবং ভবিষ্যতেও যাবে না। ১০ দলীয় ঐক্য জোটকে সংসদে পাঠানো হলে শুধু নদীর জীবন নয়, মানুষের জীবনেও নতুন প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশে তিনি জুলাই যোদ্ধা, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং দখলদারত্ব, চাঁদাবাজি, দুর্নীতি ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।