প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সারা দেশে উৎসাহ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে। কোথাও কটু কথা বা অভদ্র আচরণ দেখা যাচ্ছে না। রাজনৈতিক সংস্কৃতির দিক থেকে এটি একটি অত্যন্ত ইতিবাচক পরিবর্তন। এখন পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং এ নিয়ে আমরা সন্তুষ্ট।
তিনি বলেন, আমাদের সামনে এখন মূল চ্যালেঞ্জ হলো ভোটকে পুরোপুরি নিখুঁত করা। ভোটগ্রহণ যেন শতভাগ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়—এটাই এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য।
শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার বরাত দিয়ে এসব কথা জানান।
প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেছেন যে আগামী এক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট হবে উৎসবমুখর। নারীরা আনন্দের সঙ্গে ভোট দেবেন, মানুষ পরিবার-পরিজন নিয়ে একসঙ্গে ভোট উৎসবে অংশ নেবে। তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচন দেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।



