-
শরীর সুস্থ রাখতে, ত্বকের স্বাভাবিক গঠন বজায় রাখতে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কার্যকর রাখতে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছাড়া শরীরে কোলাজেন তৈরি ও আয়রন শোষণেও সহায়তা করে এই ভিটামিন। প্রতিদিনের খাদ্যতালিকায় কয়েকটি ফল রাখলেই ভিটামিন সি’র চাহিদা পূরণে সহায়তা পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক, ভিটামিন সি সমৃদ্ধ ছয়টি খাবার সম্পর্কে।
১. পেয়ারা
ভিটামিন সি’র অন্যতম ভালো উৎস পেয়ারা। প্রতি ১০০ গ্রাম পেয়ারায় প্রায় ২২৮ মিলিগ্রাম ভিটামিন সি থাকতে পারে। নিয়মিত পরিমিত পরিমাণে পেয়ারা খেলে শরীরের প্রয়োজনীয় ভিটামিন সি’র চাহিদা পূরণে সহায়তা পাওয়া যায়।
২. আমলকী
ভিটামিন সি সমৃদ্ধ ফলের তালিকায় আমলকী অন্যতম। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে। নিয়মিত খাদ্যতালিকায় আমলকী রাখলে শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ কার্যক্রমে সহায়তা করতে পারে।
৩. পেঁপে
সুস্বাদু পেঁপেতে ভিটামিন সি ও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। প্রতি ১০০ গ্রাম পেঁপেতে প্রায় ৬০ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়। এ ছাড়া পেঁপেতে থাকা আঁশ হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখতেও সহায়তা করে।
৪. স্ট্রবেরি
ভিটামিন সি’র চাহিদা পূরণে স্ট্রবেরি হতে পারে ভালো একটি পছন্দ। এক কাপ কাটা স্ট্রবেরিতে আনুমানিক ৯০ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়। পাশাপাশি এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও খাদ্যআঁশ।
৫. কিউই
কিউই ভিটামিন সি’র আরেকটি ভালো উৎস। মাঝারি আকারের একটি কিউই ফলে সাধারণত প্রায় ৬০–৭০ মিলিগ্রাম ভিটামিন সি থাকে। এ ছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে সুরক্ষায় সহায়তা করে।
৬. আনারস
আনারসে ভিটামিন সি’র পাশাপাশি ম্যাঙ্গানিজও রয়েছে। এই দুই পুষ্টি উপাদান শরীরের বিভিন্ন স্বাভাবিক কার্যক্রমে ভূমিকা রাখে। প্রতিদিনের খাদ্যতালিকায় পরিমিত পরিমাণে আনারস রাখা যেতে পারে।
ভিটামিন সি পেতে যা মনে রাখবেন
শরীরে ভিটামিন সি’র ঘাটতি পূরণে প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের ফল ও শাকসবজি রাখুন। ফল যতটা সম্ভব তাজা খাওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত তাপ ও দীর্ঘ সময় রান্নার কারণে খাবারের ভিটামিন সি’র পরিমাণ কমে যেতে পারে।
মনে রাখবেন, শুধু একটি নির্দিষ্ট ফল নয়, বরং বৈচিত্র্যময় ও সুষম খাদ্যাভ্যাসই শরীরের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করার সবচেয়ে ভালো উপায়।
ভিটামিন সি’র ঘাটতি পূরণে খেতে পারেন ৬ খাবার



