নোয়াখালীর চাটখিলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নবম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়েছে। পরিবারের অভিযোগ, উপজেলার ইয়াছিন হাজির বাজারসংলগ্ন এলাকা থেকে তাকে অপহরণ করা হয়েছে।
অপহৃত ছাত্রীর বাবার অভিযোগ, সোমবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে লক্ষ্মীপুর জেলার হৃদয় নামের এক যুবক তার মেয়েকে জোরপূর্বক অপহরণ করেছে।
এ ঘটনায় সোমবার রাতে ছাত্রীর বাবা বাদী হয়ে চাটখিল থানায় একটি অপহরণ মামলা করেছেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজ ছাত্রীকে উদ্ধার এবং অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।



