২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে শুধু ফুটবলপ্রেমীদেরই নয়, আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনেরও নজর এখন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। আর্জেন্টিনা-স্পেনের মহারণ দেখতে ভিআইপি গ্যালারিতে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও ফাইনালে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী রোববার নিউ জার্সির স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। ম্যাচ শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়ার অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউস জানিয়েছে, টুর্নামেন্টের অন্য কোনো ম্যাচে মাঠে না গেলেও ফাইনাল দেখতে স্টেডিয়ামে থাকবেন ট্রাম্প। এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও সফরসূচি সমন্বয় করে নিউ জার্সিতে ফাইনাল উপভোগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া স্পেনের রাজপরিবারের কয়েকজন সদস্যও ভিআইপি বক্সে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
তবে ফাইনালে উপস্থিত থাকছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। নিজের দলের জন্য সৌভাগ্যের বিশ্বাস ধরে রাখতে তিনি আগের ম্যাচগুলোর মতো এবারও সরকারি বাসভবন থেকেই খেলা দেখবেন বলে জানিয়েছেন। মিলেইর দাবি, এ পর্যন্ত একই নিয়ম মেনে খেলা দেখায় দল সফল হয়েছে, তাই ফাইনালের আগে সেই রীতি ভাঙতে চান না তিনি।
বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ফাইনাল তাই শুধু শিরোপা নির্ধারণের লড়াই নয়, বিশ্বনেতাদের উপস্থিতির কারণেও বিশেষ গুরুত্ব পাচ্ছে। একদিকে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা, অন্যদিকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন পূরণে লড়বে স্পেন।



