tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকভারতে এলপিজি সংকটে হোটেল-রেস্তরাঁ বন্ধের আশঙ্কা

ভারতে এলপিজি সংকটে হোটেল-রেস্তরাঁ বন্ধের আশঙ্কা

পশ্চিম এশিয়ার উত্তেজনার মধ্যে ভারতের বাজারে গ্যাস সংকটের আভাস দেখা দিয়েছে। বাণিজ্যিক রান্নার জন্য ব্যবহৃত এলপিজিতে সরকার ইতিমধ্যেই নিয়ন্ত্রণ আরোপ করেছে। সাধারণ এলপিজি সিলিন্ডারের বুকিংয়ের ক্ষেত্রেও সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এই কারণে এলপিজি ডিস্ট্রিবিউটরদের দোকানের বাইরে সাধারণ মানুষদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে। দেশের একাধিক শহরে বাণিজ্যিক গ্যাসের সরবরাহ ব্যাহত হওয়ায় হোটেল ও রেস্তরাঁগুলো কার্যক্রম বন্ধের মুখে পড়েছে।

এই পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাণিজ্যিক গ্যাস সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি মন্ত্রী হরদীপ পুরী এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে বৈঠক করেছেন। সংবাদ সংস্থাগুলোর সূত্রে জানা গেছে, সরকার গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

এদিকে মুম্বইয়ে বাণিজ্যিক রান্নার গ্যাসের ঘাটতির কারণে ২০ শতাংশ হোটেল ও রেস্তরাঁ ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। এই তথ্য জানিয়েছেন স্থানীয় হোটেল ও রেস্তরাঁ সংগঠন ‘আহার’। সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, জোগান স্বাভাবিক না হলে আগামী দুই দিনের মধ্যে শহরের ৫০ শতাংশ হোটেল বন্ধের সম্ভাবনা রয়েছে। ভারতের অন্যান্য বড় শহরেও একই পরিস্থিতি দেখা দিতে পারে।

সরকার ঘরোয়া ব্যবহারকারীদের জন্য গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে অত্যাবশ্যকীয় পণ্য আইন কার্যকর করেছে। তেল শোধনাগার এবং বেসরকারি পেট্রো কেমিক্যাল সংস্থাগুলোকে এলপিজি উৎপাদন সর্বোচ্চ স্তরে বৃদ্ধি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংকটের পেছনে রয়েছে আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিতিশীলতা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে কয়েকশ’ তেলের ট্যাঙ্কার আটকে আছে, যার মধ্যে ভারতের ৩০টিরও বেশি জাহাজ রয়েছে। এই নৌপথ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি রুট, যা প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেলের দাম ও সরবরাহে প্রভাব পড়তে পারে। ভারতের প্রায় ৪০ শতাংশ অপরিশোধিত তেলের আমদানি এই রুট থেকে আসে। যদিও রাশিয়া থেকেও তেল আমদানি করা হচ্ছে, তবুও গ্যাসের ক্ষেত্রে ভারত সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ভারতের এলপিজি ব্যবহার হয়েছে ৩১.৩ মিলিয়ন টন, যার মধ্যে মাত্র ১২.৮ মিলিয়ন টন দেশীয়ভাবে উৎপাদিত হয়েছিল। বাকি গ্যাস আমদানি করা হয়েছে, যার ৮৫–৯০ শতাংশ এসেছে আরব দেশগুলো থেকে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের গ্যাস সংকট শীঘ্রই স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।