tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকট্রাম্প দ্রুত যুদ্ধ শেষ করতে চান, ইরান বলছে ‘সিদ্ধান্ত আমাদের’

ট্রাম্প দ্রুত যুদ্ধ শেষ করতে চান, ইরান বলছে ‘সিদ্ধান্ত আমাদের’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত সমাধানের ইচ্ছা প্রকাশ করেছেন। তবে তিনি সতর্ক করে দিয়েছেন, যদি ইরান মধ্যপ্রাচ্য থেকে তেল পরিবহন ব্যাহত করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র আরও ব্যাপক সামরিক পদক্ষেপ নেবে। সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইতিমধ্যেই ইরানের বিমান ও নৌবাহিনীর ওপর বড় ধরনের হামলা চালানো হয়েছে। তার দাবি, সংঘাতটি তিনি পূর্বে যে চার সপ্তাহের সম্ভাব্য সময়সীমার কথা বলেছিলেন, তার আগেই শেষ হতে পারে।

এরপরই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, যুদ্ধের সময়কাল ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তেহরানের হাতে। বাহিনীর মুখপাত্র বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। “যুদ্ধ কখন শেষ হবে, সে সিদ্ধান্ত আমরা নেবই,” তিনি যোগ করেন।


যুদ্ধবিরতির প্রচেষ্টা নাকচ

চীন, ফ্রান্স ও রাশিয়া ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা করতে চেষ্টা করলেও তেহরান তা প্রত্যাখ্যান করেছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী তখত-রাভানচি বলেন, ইরান আলোচনার টেবিলে ফেরবে না যতক্ষণ না তাদের নিশ্চিত করা হয়, আগ্রাসন পুনরায় ঘটবে না। একই সঙ্গে আইআরজিসি তাদের পাল্টা হামলা জোরদার করেছে। ‘অপারেশন প্রমিজ-৪’-এর ৩৩তম ধাপে তারা শুধু সবচেয়ে ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে, যার ওজন এক টন বা তারও বেশি।


জ্বালানি ও বাজারে অস্থিরতা

এই পাল্টাপাল্টি হুমকির প্রভাবে বৈশ্বিক তেল ও শেয়ারবাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। হরমুজ প্রণালি, যা বিশ্বের মোট তেলের এক-পঞ্চমাংশ পরিবহন করে, কার্যত বন্ধ হয়ে গেছে। তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় উৎপাদক দেশগুলো উত্তোলন কমাতে বাধ্য হয়েছে। এক সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ২৯% লাফিয়ে ওঠে, পরে দিন শেষে তা ৭% বৃদ্ধি পায়, যা ২০২২ সালের পর সর্বোচ্চ। ট্রাম্পের মন্তব্যের পর তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে নেমে আসে।

বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরবের আরামকো সতর্ক করেছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হলে বিশ্বের তেল বাজারে ভয়াবহ প্রভাব পড়তে পারে। আরামকোর সিইও আমিন নাসের বলেন, এটি কেবল জাহাজ চলাচল নয়, বরং বিমান, কৃষি, অটোমোবাইল ও অন্যান্য শিল্পে ধারাবাহিক নেতিবাচক প্রভাব ফেলছে।


নতুন নেতৃত্ব ও জনমত

ইরানে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির খবর পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে। তিনি নিহত সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির ছেলে। রাষ্ট্রীয় গণমাধ্যমে দেখানো হয়েছে, বিভিন্ন শহরে নতুন নেতার প্রতি সমর্থন জানিয়ে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


হামলা ও ক্ষয়ক্ষতি

সংঘাতের মধ্যে তেহরানের একটি তেল শোধনাগারে হামলা চালানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক সতর্ক করেছেন, এ আগুন খাদ্য, পানি ও বায়ু দূষণের ঝুঁকি তৈরি করতে পারে। তুরস্ক জানিয়েছে, ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় ঢুকে পড়লে তা ভূপাতিত করা হয়েছে।

ইসরাইলের সেনাবাহিনী ইরানের মধ্যাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে এবং লেবাননের রাজধানী বৈরুতেও আঘাত হেনেছে। ইরানের জাতিসংঘ রাষ্ট্রদূতের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় অন্তত ১,৩৩২ জন ইরানি বেসামরিক নিহত হয়েছেন, লেবাননে ৪০০-এর বেশি প্রাণহানি হয়েছে। ইসরাইলে পাল্টা হামলায় তেল আবিবে একজন নিহত হয়েছেন, মৃতের সংখ্যা ১১।


তেলের ঘাটতি মোকাবিলা

বাজার স্থিতিশীল রাখতে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। সরবরাহ সংকট কমাতে যুক্তরাষ্ট্রের কৌশলগত মজুত থেকে তেল সরবরাহ বা নিষেধাজ্ঞা শিথিল করার সম্ভাবনা রয়েছে।


যুক্তরাষ্ট্রে জনমত বিভাজন

রয়টার্স/ইপসোস জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিন নাগরিক ইরানে সামরিক হামলার বিরোধিতা করছেন। মাত্র ২৯%ই সমর্থন করেছেন, ৪৩% বিরোধিতা করেছেন। দ্রুত যুদ্ধ শেষ হবে কিনা তা নিয়েও সন্দেহ দেখা গেছে: ৬০% মনে করেন এটি দ্রুত শেষ হবে না, ৩৬% মনে করেন দ্রুত শেষ হতে পারে। দলভিত্তিক পার্থক্যও দেখা গেছে।