নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপ থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি (T&T) মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের মাধ্যমে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য সরকার ঘোষিত গুরুত্বপূর্ণ সামাজিক সহায়তা কার্যক্রমের যাত্রা শুরু হলো।
এদিকে বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধনকে কেন্দ্র করে সকাল থেকেই বনানী টিঅ্যান্ডটি মাঠে উৎসবমুখর পরিবেশ বিরাজ করতে দেখা যায়। বিশেষ করে কড়াইল বস্তি ও আশপাশের এলাকার হাজারো মানুষ ভোর থেকেই দলে দলে অনুষ্ঠানে অংশ নিতে মাঠে জড়ো হন।
সরেজমিনে দেখা যায়, উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে আসা মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। খণ্ড খণ্ড মিছিল ও সুশৃঙ্খল সারিতে নারী-পুরুষ মাঠে প্রবেশ করছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠে মানুষের উপস্থিতি বাড়তে থাকে এবং একপর্যায়ে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
অনুষ্ঠানস্থলের চারপাশে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাঠের প্রবেশপথে বসানো হয় নিরাপত্তা চেকপোস্ট, যাতে করে অনুষ্ঠানে আগত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল ‘ফ্যামিলি কার্ড’। এই কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলো সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে নিয়মিত চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাবে। পাশাপাশি বিশেষ ক্ষেত্রে স্বাস্থ্যসেবা ও শিক্ষাসহ বিভিন্ন সামাজিক সহায়তাও দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রথম ধাপে রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি নির্দিষ্ট এলাকায় এ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে সারাদেশের যোগ্য পরিবারগুলোকে এই কর্মসূচির আওতায় আনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অনুষ্ঠানে অংশ নিতে আসা কড়াইল বস্তির বাসিন্দা আমেনা খাতুন বলেন, “আমরা দিন আনি দিন খাই। বাজারে জিনিসপত্রের যে দাম, তাতে পরিবার চালানো খুব কষ্ট হয়ে যায়। শুনছি এই কার্ড থাকলে কম দামে রেশন পাওয়া যাবে। প্রধানমন্ত্রী আমাদের কথা দিয়েছিলেন, আজ সেই কথা রাখছেন। তাই সকালেই এখানে চলে এসেছি।”
স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান। পরে তিনি কয়েকজন সুবিধাভোগীর হাতে প্রতীকীভাবে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়ার মাধ্যমে দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি সরকারের মন্ত্রিসভার একাধিক সিনিয়র সদস্য, বিএনপির কেন্দ্রীয় নেতারা এবং ঢাকা মহানগরের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা বলছেন, নিম্ন আয়ের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বর্তমান সরকারের অন্যতম বড় সামাজিক নিরাপত্তা উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।



