tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদজাতীয়ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম

প্রায় দুই বছর বন্ধ থাকার পর আগামী ২৮ জুন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হচ্ছে। বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকায় দায়িত্বপ্রাপ্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এ তথ্য জানান।

নতুন করে ভিসা আবেদন চালুর পাশাপাশি আবেদন প্রক্রিয়ায়ও আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। এখন থেকে আবেদন জমা দেওয়ার অন্তত এক কার্যদিবস আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। দেশের পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় পর্যটন ভিসার আবেদন জমা দেওয়া যাবে।

যেভাবে করবেন ভিসা আবেদন

প্রথমে ভারতীয় ভিসা পোর্টালে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর আবেদনপত্রের পিডিএফ ডাউনলোড করতে হবে। এরপর আইভ্যাকের ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হবে।

অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের নতুন নিয়ম

আবেদন জমা দেওয়ার আগের কার্যদিবসে অ্যাপয়েন্টমেন্ট স্লট প্রকাশ করা হবে।

  • দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাইন-আপ ও ওয়েবফাইল আপলোড করা যাবে।
  • সফলভাবে ওয়েবফাইল আপলোডকারীরা বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।
  • বিকেল সাড়ে ৪টার আগে সাইন-আপ সম্পন্ন না করলে ওই দিনের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে না।

সাইন-আপের সময় ভিসা আবেদনে ব্যবহৃত ই-মেইল ঠিকানা ব্যবহার করতে হবে। ই-মেইল ও মোবাইলে পাঠানো দুটি ওটিপি দিয়ে অ্যাকাউন্ট যাচাই করার পর ব্যক্তিগত তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

এরপর মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে আবারও একটি ওটিপি পাঠানো হবে। লগইনের পর প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হলে পুনরায় লগইন করে নির্ধারিত সময় নিশ্চিত করতে হবে। প্রয়োজনে একবার স্লট পরিবর্তনের সুযোগ থাকবে।

অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর অনলাইনে ভিসা প্রসেসিং চার্জ পরিশোধ করতে হবে।

গুরুত্বপূর্ণ: আপলোড করা ভিসা আবেদনপত্র অবশ্যই মূল পিডিএফ হতে হবে এবং সেটি ৩০ দিনের বেশি পুরোনো হওয়া যাবে না। সম্পাদিত বা বিকৃত ফাইল গ্রহণ করা হবে না।

প্রয়োজনীয় কাগজপত্র

ট্যুরিস্ট ভিসার আবেদনের সঙ্গে জমা দিতে হবে—

  • কমপক্ষে ছয় মাস মেয়াদসম্পন্ন মূল পাসপোর্ট, যাতে অন্তত দুটি খালি পৃষ্ঠা থাকবে।
  • পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি এবং প্রয়োজন হলে মেয়াদ বৃদ্ধির অনুমোদনের কপি।
  • পূর্বের সব পাসপোর্ট।
  • গত তিন মাসের মধ্যে তোলা ২×২ ইঞ্চি আকারের রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  • জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের কপি।
  • সর্বোচ্চ ছয় মাসের মধ্যে ইস্যু করা বিদ্যুৎ, গ্যাস, পানি বা টেলিফোন বিলের কপি।
  • চাকরিজীবীদের জন্য নিয়োগকর্তার প্রত্যয়নপত্র, শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র এবং ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স।
  • কমপক্ষে ১৫০ মার্কিন ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট, অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি, অথবা পর্যাপ্ত অর্থের প্রমাণ হিসেবে হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট।
  • অনলাইনে পূরণ করা ভিসা আবেদনপত্র এবং আবেদন নম্বর।
  • আবেদনপত্রে নির্ধারিত স্থানে আবেদনকারীর ছবি আপলোড করতে হবে।

ভিসা ফি

ভারত সরকার ট্যুরিস্ট ভিসার জন্য কোনো ফি নেয় না। তবে ভিসা প্রসেসিং বাবদ আইভ্যাককে ১ হাজার ৫০০ টাকা পরিশোধ করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় এই অর্থ অনলাইনে জমা দিতে হবে।

যেভাবে ফেরত পাবেন পাসপোর্ট

ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে জানানো হবে। এরপর নির্ধারিত আইভ্যাক কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করা যাবে।