ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ার পর সাতক্ষীরার বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। কয়েকদিনের টানা মূল্যবৃদ্ধির পর এক দিনের ব্যবধানে দেশি কাঁচামরিচের দাম কেজিতে কমেছে সর্বোচ্চ ১৩০ টাকা পর্যন্ত।
ব্যবসায়ীরা বলছেন, আমদানি অব্যাহত থাকলে আগামী কয়েক দিনের মধ্যে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম আরও কমতে পারে। তবে কৃষকদের আশঙ্কা, অতিরিক্ত আমদানির কারণে স্থানীয় উৎপাদকরা ক্ষতির মুখে পড়তে পারেন।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সাতক্ষীরা শহরের সুলতানপুর বাজারে দেখা যায়, দেশি কাঁচামরিচ প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। একই বাজারে ভারতীয় কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে।
বাজার সংশ্লিষ্টরা জানান, গত এক সপ্তাহে সরবরাহ সংকট, মৌসুমি উৎপাদন কমে যাওয়া এবং পাইকারি পর্যায়ে সরবরাহ ঘাটতির কারণে দেশি কাঁচামরিচের দাম বেড়ে কেজিপ্রতি ৩০০ থেকে ৩৫০ টাকায় পৌঁছায়। তবে ভারতীয় মরিচ বাজারে আসায় সরবরাহ বাড়তে শুরু করেছে এবং দাম কমতে শুরু করেছে।
সুলতানপুর বাজারের ব্যবসায়ীরা জানান, তুলনামূলক কম দামে ভারতীয় কাঁচামরিচ পাওয়া যাওয়ায় দেশি মরিচের দামও কমাতে বাধ্য হয়েছেন বিক্রেতারা। ভোমরা স্থলবন্দর দিয়ে নিয়মিত আমদানি চললে বাজারে আরও স্বাভাবিক পরিস্থিতি ফিরবে বলে আশা করছেন তারা।
ক্রেতারা জানান, কয়েকদিন ধরে কাঁচামরিচের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে নিত্যপ্রয়োজনীয় এই পণ্য কিনতে ভোগান্তিতে পড়তে হয়েছে। দাম কমলেও তা এখনো অনেকের জন্য স্বস্তিদায়ক পর্যায়ে পৌঁছায়নি।
ভোমরা স্থলবন্দর সূত্র জানায়, সোমবার (৩ আগস্ট) ১০টি ট্রাকে মোট ৯১ মেট্রিক টন ভারতীয় কাঁচামরিচ বাংলাদেশে প্রবেশ করেছে। আমদানিকারকদের দাবি, মঙ্গলবার আরও ২৫ থেকে ৩৫টি ট্রাকে কাঁচামরিচ দেশে আসতে পারে।
ব্যবসায়ীদের ধারণা, আমদানি বাড়লে শুধু সাতক্ষীরা নয়, দেশের অন্যান্য অঞ্চলের বাজারেও কাঁচামরিচের দামে ইতিবাচক প্রভাব পড়বে।



