মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ভাষানটেকের বিআরবি মাঠে ঢাকা-১৭ আসনের নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, গত ১৫–১৬ বছরে দেশ যে সংকটের মধ্য দিয়ে গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট তার একটি পরিবর্তনের সূচনা হয়েছে। এখন সারা দেশের মানুষ একটি ইতিবাচক পরিবর্তন চায়—চায় নিরাপত্তা, চলাচলের নিশ্চয়তা, শিক্ষার্থীদের কর্মসংস্থান এবং বেকার তরুণ-তরুণীদের কাজের সুযোগ।
তিনি বলেন, অতীতে এই দেশের মানুষ যখনই ধানের শীষে ভোট দিয়েছে, তখনই উন্নয়ন হয়েছে এবং জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। সেই অভিজ্ঞতার আলোকে তিনি ঢাকা-১৭ আসনের ভোটারদের ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর এটি ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রথম নির্বাচনী সমাবেশ। এর আগে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সিলেট থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন।
সমাবেশে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তারেক রহমান স্থানীয় বাসিন্দাদের সমস্যা সরাসরি জানতে মাইক হাতে নেন। বস্তিবাসীদের পুনর্বাসন, নারীদের কর্মসংস্থান এবং ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন দাবির কথা তুলে ধরেন এলাকাবাসী।
জবাবে তারেক রহমান বলেন, তিনি নিজেও এই এলাকার সন্তান। জনগণের দোয়া ও আল্লাহর রহমতে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে বস্তিবাসীদের পুনর্বাসনসহ এলাকার সব সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
খেলাধুলা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পেশাদার খেলোয়াড় গড়ে তুলতে চায়। এ সময় তিনি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের কথা উল্লেখ করে বলেন, ছেলে-মেয়ে নির্বিশেষে ক্রীড়াঙ্গনে প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা হবে।
তারেক রহমান আরও বলেন, দীর্ঘ সময় ধরে গণতন্ত্র ধ্বংস হওয়ায় দেশের সব খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব পুনর্গঠনের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা জরুরি। জনগণ যদি গণতান্ত্রিকভাবে প্রতিনিধি নির্বাচন করতে পারে, তাহলেই তারা নিজেদের সমস্যা জনপ্রতিনিধিদের কাছে তুলে ধরতে পারবে।
তিনি বলেন, বিগত নির্বাচনগুলোতে নির্বাচিত তথাকথিত প্রতিনিধিদের কাছে জনগণ তাদের সমস্যা নিয়ে যেতে পারেনি। তাই উন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে জাতীয় সংসদ থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যন্ত সব স্তরে গণতান্ত্রিক নির্বাচন প্রয়োজন।
সমাবেশের শেষ দিকে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘করব কাজ করব, সবার আগে বাংলাদেশ’—এই লক্ষ্য বাস্তবায়নে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচনী এজেন্ট আবদুস সালাম ও প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ দল ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।



