tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদচাকরীব্র্যাক ক্যারিয়ার হাব এক্সপোতে সরাসরি চাকরির প্রস্তাব পেলেন ৩,২৩২ তরুণ

ব্র্যাক ক্যারিয়ার হাব এক্সপোতে সরাসরি চাকরির প্রস্তাব পেলেন ৩,২৩২ তরুণ

দেশের তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আয়োজিত ব্র্যাক ক্যারিয়ার হাব এক্সপো ২০২৬-এ ৩ হাজার ২৩২ জন চাকরিপ্রার্থী সরাসরি চাকরির প্রস্তাব পেয়েছেন। চাকরিপ্রার্থী ও নিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরির এই আয়োজনে দেশের বিভিন্ন খাতের ৭৯টি প্রতিষ্ঠান অংশ নেয়।

উচ্চশিক্ষা শেষ করার পরও দক্ষতা, শ্রমবাজার সম্পর্কে ধারণা ও সঠিক ক্যারিয়ার নির্দেশনার অভাবে অনেক তরুণ কাঙ্ক্ষিত চাকরির সুযোগ থেকে পিছিয়ে পড়েন। অন্যদিকে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোরও প্রয়োজন অনুযায়ী দক্ষ কর্মী খুঁজে পেতে নানা চ্যালেঞ্জ রয়েছে। এই সমস্যা সমাধানে ২০২০ সালে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় চালু করে ‘ক্যারিয়ার হাব’।

ক্যারিয়ার হাব একটি ওয়ান-স্টপ সার্ভিস প্ল্যাটফর্ম, যেখানে তরুণদের দক্ষতা যাচাই, ক্যারিয়ার কাউন্সেলিং, প্রশিক্ষণ এবং চাকরির সুযোগের সঙ্গে সংযুক্ত করা হয়। শুরু থেকেই এই উদ্যোগে তরুণদের ব্যাপক সাড়া পাওয়া গেছে।

এখন পর্যন্ত ৭১ হাজারের বেশি তরুণ ক্যারিয়ার হাবে নিবন্ধন করেছেন। এর মধ্যে ২০ হাজারের বেশি অংশগ্রহণকারী পেয়েছেন সরাসরি ক্যারিয়ার কাউন্সেলিং সেবা। পাশাপাশি ৭ হাজারের বেশি তরুণ চাকরির প্রস্তুতিমূলক প্রশিক্ষণ নিয়েছেন, যাদের প্রায় ৩৫ শতাংশ নারী।

চার বিভাগে অনুষ্ঠিত ক্যারিয়ার এক্সপো

তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করতে চলতি বছরের মে থেকে জুন পর্যন্ত সিলেট, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে অনুষ্ঠিত হয় ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’।

এই আয়োজনে ওয়ালটন, প্রাণ, এসিআই, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি, আকিজ গ্রুপ, মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড, সিঙ্গারসহ মোট ৭৯টি প্রতিষ্ঠান অংশ নেয়।

আগে চাকরিপ্রার্থীদের বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আলাদাভাবে সিভি জমা দিতে হলেও এই এক্সপোতে এক জায়গাতেই একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হয়। নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো যোগ্য প্রার্থীদের সরাসরি বাছাই ও সাক্ষাৎকার নেয়।

এক্সপোতে ব্যাপক অংশগ্রহণ

ক্যারিয়ার এক্সপো ২০২৬-এ মোট ৫০ হাজার ৮৬৭ জন আবেদনকারী নিবন্ধন করেন। তাঁদের মধ্যে ১৮ হাজার ৩৯৯ জন সরাসরি এক্সপোতে অংশ নেন।

চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে সিভি জমা দেওয়ার সুযোগ পাওয়ায় নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো মোট ৯৪ হাজার ৯৬২টি সিভি গ্রহণ করে।

এক্সপোর দিনেই ১১ হাজার ৯৫ জন প্রার্থীকে প্রাথমিকভাবে শর্টলিস্ট করা হয় এবং ৬ হাজার ২৮০ জনের সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়। এর মধ্যে ৩ হাজার ২৩২ জন প্রার্থী তাৎক্ষণিকভাবে চাকরির প্রস্তাব পান।

দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে সেতুবন্ধন

ব্র্যাক ক্যারিয়ার হাবের লক্ষ্য শুধু চাকরি খুঁজে দেওয়া নয়, বরং তরুণদের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রস্তুত করা। দক্ষতা যাচাইয়ের পর প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ ও ক্যারিয়ার পরামর্শ দেওয়া হয়।

ব্র্যাকের এই উদ্যোগ বর্তমানে কক্সবাজার, রংপুর, সিলেট, চট্টগ্রাম ও খুলনা সেন্টারের মাধ্যমে অনলাইন ও অফলাইনে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে দেশের আরও পাবলিক বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তরুণদের কর্মজীবনে প্রবেশের পথ সহজ করতে ক্যারিয়ার এক্সপোর মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চাকরিপ্রার্থী ও নিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি সংযোগ তৈরির মাধ্যমে এ ধরনের উদ্যোগ দেশের কর্মসংস্থান ব্যবস্থাকে আরও কার্যকর ও সংগঠিত করতে সহায়তা করছে।