জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে দাফন করা হয়েছে। রোববার (১২ জুলাই) রাজধানী ঢাকায় দুই দফা জানাজা শেষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা চত্বরে তাঁর দাফন সম্পন্ন হয়।
দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
এর আগে জোহরের নামাজের পর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে পরিবারের সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে তাঁর মরদেহ পঞ্চগড়ের গ্রামের বাড়িতে নেওয়া সম্ভব হয়নি। তাই রাজধানীতেই রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার ভোরে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।



