ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার অষ্টম দিনে পাল্টা হামলা আরও জোরদার করেছে তেহরান। শান্তি আলোচনা চলমান অবস্থায় এই আগ্রাসনের জবাবে ইরান ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মোতায়েন থাকা মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা শুরু করেছে।
এতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর বেশিরভাগই মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আরব দেশগুলোর আঞ্চলিক জোট আরব লিগের সদস্য।
এ পরিস্থিতিতে ইরানের তীব্র সমালোচনা করেছেন সংস্থাটির মহাসচিব আহমেদ আবুল ঘেইত। তিনি বলেন, আরব লিগের সদস্য দেশগুলোর বিরুদ্ধে ইরান ‘বেপরোয়া’ হামলা চালাচ্ছে এবং এটি একটি ‘বড় ধরনের কৌশলগত ভুল’।
রোববার (৮ মার্চ) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
আরব লিগের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন আহমেদ আবুল ঘেইত। মিশর থেকে ভিডিও লিংকের মাধ্যমে তিনি সম্মেলনে যোগ দেন।
তিনি বলেন, ইরানের এসব হামলা ‘কোনোভাবেই যৌক্তিক নয়’। তার দাবি, আক্রান্ত আরব দেশগুলো চলমান যুদ্ধে সরাসরি অংশ নিচ্ছে না।
ঘেইত বলেন, ‘তাদের ভূখণ্ড থেকে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কোনো হামলা চালাতে পারবে না এবং তাদের আকাশসীমাও ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করা হবে না—এ বিষয়গুলো ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে।’
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পরমাণু আলোচনা মধ্যস্থতার দায়িত্বে ছিল ওমান। তবে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর সেই উদ্যোগ ভেস্তে যায়।
আবুল ঘেইত বলেন, ওমান, কাতার ও মিশরসহ কয়েকটি আরব দেশ ইরানসহ পুরো অঞ্চলকে যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা করতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর আগে একই ধরনের আহ্বান জানিয়ে জার্মানির রাজধানী বার্লিন থেকেও তেহরানকে নির্বিচার হামলা বন্ধ করার আহ্বান জানানো হয়।
এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলায় আহত হয়েছেন আরও ১১২ জন।
পাশাপাশি বাহরাইনের একটি পানি শোধনাগারে ড্রোন হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে।
অন্যদিকে কুয়েতের একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, একটি ড্রোন ভূপাতিত করার পর তার ধ্বংসাবশেষ পড়ে কয়েকটি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সব মিলিয়ে উপসাগরীয় অঞ্চলজুড়ে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান বোমাবর্ষণের মধ্যেই ইরান এসব পাল্টা হামলা চালাচ্ছে বলে জানা গেছে।



