বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুরুতর অসুস্থ অবস্থায় বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া বর্তমানে হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তারেক রহমান লেখেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থতার জন্য দল-মত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন।”
তিনি আরও জানান, মাননীয় প্রধান উপদেষ্টা বেগম জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করার পাশাপাশি চিকিৎসার সর্বতো সহায়তার আশ্বাস দিয়েছেন। দেশ-বিদেশের চিকিৎসক দলও সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। বন্ধুপ্রতীম বেশ কিছু রাষ্ট্র থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়েছে।
তারেক রহমান বলেন, “সর্বজন শ্রদ্ধেয়া বেগম জিয়ার প্রতি দেশবাসীর দোয়া ও ভালোবাসার জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তার আশু রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া অব্যাহত রাখার অনুরোধ করছি।”
নিজের আবেগঘন অনুভূতি ব্যক্ত করে তিনি লেখেন, “এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও প্রবল। কিন্তু নানা বাস্তব পরিস্থিতির কারণে এটি বাস্তবায়নে আমার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি অনুকূল হলেই স্বদেশ প্রত্যাবর্তনে আমার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী।”



