মৌসুমি বায়ু বিদায়ের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি কমে গেছে এবং তাপমাত্রা বাড়ছে। ভ্যাপসা গরমে জনজীবন দুর্ভোগে পড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ষা বিদায় এবং সাগরে থাকা লঘুচাপের কারণে তাপমাত্রা বেড়েছে, যার ফলে তীব্র ভ্যাপসা অনুভূত হচ্ছে।
গতকাল (বুধবার) সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দেশে কোথাও বৃষ্টির কোনো খবর নেই। আবহাওয়া বিশেষজ্ঞ ওমর ফারুক জানান, সাগরে থাকা লঘুচাপ দুর্বল হয়ে গেছে। এটি নিম্নচাপে রূপান্তরিত হলে বৃষ্টির সম্ভাবনা ছিল, কিন্তু বর্তমানে সৃষ্টি হওয়া লঘুচাপগুলো ভারতের দিকে অগ্রসর হচ্ছে, তাই দেশে বৃষ্টি হচ্ছে না।
চলমান ভ্যাপসা গরম কতদিন চলবে এমন প্রশ্নে আবহাওয়াবিদ বলেন, এই মাসের শেষের দিকে বা আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে, তখন গরম কিছুটা কমবে। তার আগে ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। এছাড়া, আগামী ২৪ ঘণ্টায় সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।



