ফিফা বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম দেখা যাবে ফাইনালের হাফটাইম শো। আর সেই ঐতিহাসিক মঞ্চ মাতাতে একসঙ্গে হাজির হচ্ছেন বিশ্বসংগীতের তিন মহাতারকা- ম্যাডোনা, শাকিরা ও বিটিএস।
ফিফা ও গ্লোবাল সিটিজেন যৌথভাবে ঘোষণা দিয়েছে, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে এই তিন তারকা দল ও শিল্পী সহ-হেডলাইনার হিসেবে পারফর্ম করবেন। আগামী ১৯ জুলাই নিউইয়র্কের নিউ জার্সিতে মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফুটবলের এই মহারণ। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লের তারকা ক্রিস মার্টিন।বিশ্বকাপ ফাইনালের এই প্রথম হাফটাইম শো সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বের কোটি কোটি দর্শকের জন্য।
তবে শুধু বিনোদনই নয়, এই আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে বড় সামাজিক উদ্যোগও। হাফটাইম শোটি আয়োজন করা হচ্ছে ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর সমর্থনে। এই তহবিলের লক্ষ্য বিশ্বজুড়ে শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলের সুযোগ বাড়াতে ১০০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা।



