যুদ্ধ বন্ধে সর্বশেষ যুক্তরাষ্ট্রকে পাঁচ শর্ত দিয়েছিল ইরান। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের সামনে ওই শর্তের বিপরীত নিজস্ব পাঁচটি শর্ত দিয়েছে। মার্কিন এই পাঁচ শর্ত দুই দেশের মধ্যে শান্তি প্রক্রিয়া চালিয়ে যেতে প্রয়োজনীয় বলে মনে করছে ওয়াশিংটন প্রশাসন। রোববার (১৭ মে) ইরানের সংবাদ সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ইরানের ভূখণ্ডে বোমা হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য কোনো ধরনের ক্ষতিপূরণ দিতে রাজি নয় যুক্তরাষ্ট্র।এছাড়া ওয়াশিংটনের দাবি, ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম ইরান থেকে যুক্তরাষ্ট্রে সরিয়ে নিতে হবে এবং ইসলামি প্রজাতন্ত্র মাত্র একটি কার্যকর পারমাণবিক স্থাপনা রাখতে পারবে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের জব্দ করা সম্পদের ২৫ শতাংশের বেশি মুক্ত করতে চায় না যুক্তরাষ্ট্র। একই সঙ্গে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের বিষয়টি আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে বলেও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ওয়াশিংটন।



