tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদআন্তর্জাতিকভারতকে হাজার বছরের পুরোনো তাম্রলিপি ফেরত দিল নেদারল্যান্ডস

ভারতকে হাজার বছরের পুরোনো তাম্রলিপি ফেরত দিল নেদারল্যান্ডস

ভারতকে হাজার বছরের পুরোনো চোল যুগের ঐতিহাসিক তাম্রলিপি আনুষ্ঠানিকভাবে ফেরত দিয়েছে নেদারল্যান্ডস। শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেদারল্যান্ডস সফরের সময় ‘লেইডেন প্লেটস’ নামে পরিচিত এই মূল্যবান নিদর্শন ভারতের কাছে হস্তান্তর করা হয়।

রোববার (১৭ মে) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, প্রায় এক হাজার বছর পুরোনো এই তাম্রলিপিগুলো চোল সাম্রাজ্যের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দলিল। ২০১২ সাল থেকেই এগুলো ফেরত চেয়ে আসছিল ভারত সরকার।

সংযুক্ত আরব আমিরাত সফর শেষে শুক্রবার নেদারল্যান্ডসে পৌঁছান নরেন্দ্র মোদি। তার পাঁচ দেশ সফরের তালিকায় আরও রয়েছে সুইডেন, নরওয়ে ও ইতালি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি বলেন, “একাদশ শতাব্দীর চোল তাম্রলিপি নেদারল্যান্ডস থেকে ভারতে ফিরছে। এটি প্রতিটি ভারতীয়ের জন্য গর্ব ও আনন্দের মুহূর্ত।”

ঐতিহাসিক সূত্র অনুযায়ী, এই তাম্রলিপিগুলো চোল সম্রাট রাজরাজা চোল প্রথমের শাসনামলের, যিনি ৯৮৫ থেকে ১০১৪ সাল পর্যন্ত রাজত্ব করেন। ইতিহাসবিদদের মতে, ভারতের বাইরে সংরক্ষিত তামিল ঐতিহ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শনগুলোর মধ্যে এটি অন্যতম।

সংগ্রহটিতে মোট ২১টি তাম্রফলক রয়েছে, যার মোট ওজন প্রায় ৩০ কেজি। ব্রোঞ্জের একটি রিংয়ের মাধ্যমে ফলকগুলো একসঙ্গে বাঁধা রয়েছে এবং এতে চোল রাজবংশের রাজকীয় সিলমোহর খোদাই করা আছে। ফলকগুলোর কিছু অংশ সংস্কৃত ভাষায় এবং বাকি অংশ তামিল ভাষায় লেখা।

জানা যায়, প্রথমে রাজরাজা চোল মৌখিকভাবে নির্দেশনা দেন, যা পরে তালপাতায় লেখা হয়। পরবর্তীতে তার পুত্র রাজেন্দ্র চোল প্রথম স্থায়ী সংরক্ষণের জন্য সেই তথ্য তাম্রফলকে খোদাই করান। রিংয়ের ওপর রাজেন্দ্র চোলের প্রতীকও খোদাই করা রয়েছে।

১৮শ শতকে নাগাপট্টিনম ডাচ শাসনের অধীনে থাকাকালে ফ্লোরেন্তিয়াস ক্যাম্পার নামে এক ব্যক্তি তাম্রলিপিগুলো নেদারল্যান্ডসে নিয়ে যান। সে সময় তিনি ভারতে একটি খ্রিষ্টান মিশনের সঙ্গে যুক্ত ছিলেন।

দীর্ঘদিন ধরে নিদর্শনগুলো নেদারল্যান্ডসের একটি নিরাপদ সংরক্ষণাগারে রাখা হয়েছিল এবং মূলত গবেষক ও শিক্ষাবিদদের জন্য সীমিতভাবে উন্মুক্ত ছিল। পরে ইতিহাসবিদ ও তামিল লিপি বিশেষজ্ঞদের মাধ্যমে এগুলোর পরিচিতি বাড়ে। জনপ্রিয় তামিল ঐতিহাসিক উপন্যাস Ponniyin Selvan–এ উল্লেখ থাকায় সাধারণ মানুষের কাছেও এগুলো ব্যাপক পরিচিতি পায়।

আন্তঃসরকারি ‘রিটার্ন অ্যান্ড রেস্টিটিউশন’ কমিটির ২৪তম অধিবেশনে ভারতকে এসব নিদর্শনের যথাযথ উৎস দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর নরেন্দ্র মোদির সরকারি সফরের সময় নেদারল্যান্ডস সরকার আনুষ্ঠানিকভাবে তাম্রলিপিগুলো ভারতের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।