বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিমান থেকে নেমেই অধিনায়ক রদ্রি ট্রফিটি উঁচিয়ে ধরেন। এ সময় তার পাশে ছিলেন প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুয়ান। এরপর একে একে বিমান থেকে বেরিয়ে আসেন দলের অন্য সদস্যরাও।
সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদে পৌঁছায় সদ্য বিশ্বকাপজয়ী স্পেন দল। বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অসংখ্য সমর্থক ও কর্মকর্তারা।
রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ২০২২ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। এর আগে ২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল লা রোজারা। বর্তমানে তারা ইউরোপেরও চ্যাম্পিয়ন। ২০২৪ সালে কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিল দলটি।
মাদ্রিদে পৌঁছে বিমান থেকে নেমেই বিশ্বকাপ ট্রফি নিয়ে ছবি তোলেন ফুটবলার ও কোচিং স্টাফের সদস্যরা। পরে তাদের সম্মানে বিশেষ সংবর্ধনার আয়োজন করে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
সূচি অনুযায়ী, দলটি প্রথমে রাজপ্রাসাদে গিয়ে স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এরপর ছাদখোলা বাসে করে রাজধানীর সিবেলেস স্কয়ারে গিয়ে সমর্থকদের সঙ্গে শিরোপা উদযাপনে অংশ নেবে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন রাখা হয়েছে।
স্প্যানিশ গণমাধ্যমের ধারণা, রাজধানী মাদ্রিদে এই বিজয় উৎসবে প্রায় ১০ লাখ মানুষ অংশ নিতে পারেন।



