আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ আবারও আলোচনার কেন্দ্রে। তবে এবার কোনো মাঠের পারফরম্যান্স নয়, বরং ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে তার সাহসী ভবিষ্যদ্বাণী ঘিরেই তৈরি হয়েছে নতুন আলোচনা।
অ্যাস্টন ভিলার এই তারকা গোলরক্ষকের বিশ্বাস, টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতবে আর্জেন্টিনা। আর ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। মার্টিনেজের মতে, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সম্ভাব্য সেই ফাইনাল গড়াবে টাইব্রেকারে, যেখানে শেষ হাসি হাসবে লিওনেল মেসিদের দল।
সম্প্রতি একটি স্পন্সর ইভেন্টে অংশ নিয়ে পুরো টুর্নামেন্টের সম্ভাব্য নকআউট পর্বের চিত্র তুলে ধরেন মার্টিনেজ। তার ধারণা, গ্রুপ পর্বের বাধা পেরিয়ে ধাপে ধাপে এগিয়ে ফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল।
উল্লেখ্য, কাতার বিশ্বকাপের আগেও আর্জেন্টিনার শিরোপা জয় নিয়ে আত্মবিশ্বাসী ভবিষ্যদ্বাণী করেছিলেন মার্টিনেজ, যা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয়। ফলে তার নতুন পূর্বাভাসও ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
৪৮ দলের এই বিশ্বকাপের শুরুতেই নিজের কল্পিত কোয়ার্টার ফাইনালের তালিকা প্রকাশ করেছেন মার্টিনেজ। তার নির্বাচিত শেষ আটে রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, জার্মানি, নেদারল্যান্ডস ও মেক্সিকো।
তবে তার পূর্বাভাসের সবচেয়ে আলোচিত বিষয় হলো স্পেনের অনুপস্থিতি। বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচিত হলেও মার্টিনেজ মনে করেন, শেষ ষোলোতেই আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেবে স্পেন।
তার কল্পিত নকআউট লড়াই অনুযায়ী, ফ্রান্স হারাবে নরওয়েকে, জার্মানি পরাজিত করবে তুরস্ককে, নেদারল্যান্ডস জয় পাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, ব্রাজিল জাপানকে হারিয়ে এগিয়ে যাবে এবং মেক্সিকো বিদায় করবে দক্ষিণ কোরিয়াকে। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড হারাবে কলম্বিয়াকে।
সেমিফাইনালের পথে আর্জেন্টিনা ফ্রান্সকে, জার্মানি নেদারল্যান্ডসকে এবং ব্রাজিল মেক্সিকোকে হারাবে বলে মনে করেন তিনি। শেষ চারে উঠে মার্টিনেজ আবারও দেখছেন ইতিহাসের পুনরাবৃত্তি। তার মতে, ১৯৮৬ বিশ্বকাপের স্মৃতির মতো এবারও ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠবে আর্জেন্টিনা, যদিও ম্যাচটির ভাগ্য নির্ধারিত হবে টাইব্রেকারে। অন্য সেমিফাইনালে ব্রাজিল পরাজিত করবে জার্মানিকে।
সবশেষে মার্টিনেজের পূর্বাভাস অনুযায়ী, রোমাঞ্চকর এক ফাইনালে ব্রাজিলকে হারিয়ে আবারও বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরবে আর্জেন্টিনা। তার বিশ্বাস, দক্ষিণ আমেরিকার দুই জায়ান্টের সেই লড়াই বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় ফাইনালে পরিণত হবে।



