সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে বিদায় জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনাকে দিল্লি থেকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রচলিত পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার সুযোগ নেই। এ ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে কার্যকর বন্দি বিনিময় চুক্তি অনুসরণ করতে হবে।
এ সময় চীন, বাংলাদেশ ও মিয়ানমারকে যুক্ত করে প্রস্তাবিত ত্রিপক্ষীয় করিডোর নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার মতে, পরিকল্পিত এই করিডোর বাস্তবায়ন করা সম্ভব হলে সংশ্লিষ্ট পুরো অঞ্চল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হতে পারে।
তিনি জানান, আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের এ উদ্যোগে যুক্ত হতে বাংলাদেশের যথেষ্ট আগ্রহ রয়েছে। তবে করিডোর বাস্তবায়নের আগে রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধান নিশ্চিত করা জরুরি।
এ ছাড়া চীনা প্রতিনিধি লিউ হাইশিংয়ের বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, এ সফরের মধ্য দিয়ে ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সহযোগিতা এবং কৌশলগত সম্পর্ক আরও গভীর ও গতিশীল হবে।



