tanaka
প্রচ্ছদরাজনীতিবিরোধীদলকে সহিংস না হয়ে জনগণের প্রয়োজনে রাজপথে থাকার পরামর্শ সম্পাদকদের

বিরোধীদলকে সহিংস না হয়ে জনগণের প্রয়োজনে রাজপথে থাকার পরামর্শ সম্পাদকদের

গণতন্ত্রের উত্তরণে বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা পালনে সহযোগিতা করতে সম্পাদকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। অন্যদিকে, বিরোধী দলকে সহিংসতা এড়িয়ে গঠনমূলক ও নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা। জনগণের দাবি আদায়ে প্রয়োজন হলে শান্তিপূর্ণভাবে রাজপথে থাকারও পরামর্শ দেন তারা।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা উঠে আসে।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা সংসদকে কার্যকর রাখতে চাই। সংসদকে সব কর্মকাণ্ডের মূল জায়গা করতে চাই। কার্যকর ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চাই। এজন্য সরকারকেও দায়িত্বশীল হতে হবে।’

তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকারকে সহযোগিতা করছে জামায়াতে ইসলামী। তবে এই সহযোগিতা কতদিন ও কত দূর পর্যন্ত চলবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণকে তিনি একটি প্রতিবাদ হিসেবে উল্লেখ করেন।

মতবিনিময় সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংসদে বিরোধী দলের ভূমিকা, আন্তর্জাতিক ও ভূরাজনৈতিক পরিস্থিতি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনা ও প্রশ্নোত্তর হয়।

সভা শেষে প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এবং সংসদ ও সংসদের বাইরে বিরোধী দল হিসেবে জামায়াত যে দায়িত্বশীল ভূমিকা পালন করছে, তা সম্পাদকদের সামনে তুলে ধরেছেন বিরোধীদলীয় নেতা।

তিনি বলেন, ‘ভালো কাজে আমরা সরকারকে সহযোগিতা করব, আর জনস্বার্থবিরোধী কাজে প্রতিবাদ করব—এ নীতিতেই জামায়াতে ইসলামী রয়েছে। তবে এই বিরোধিতা হবে গঠনমূলক ও নিয়মতান্ত্রিক।’

গোলাম পরওয়ার জানান, দেশের চলমান রাজনীতি, আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়েও সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় হয়েছে। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠকে যে নীতি নিয়ে আলোচনা হয়েছে, সেটিই জামায়াতের অবস্থান বলে জানান তিনি।

বিভিন্ন সম্পাদক বিরোধী দলকে সহিংসতা ও অসহিষ্ণুতা পরিহার করে গঠনমূলকভাবে বিরোধিতা করার পরামর্শ দিয়েছেন বলেও জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, আগের বিরোধী দলগুলোর মতো অসহিষ্ণু, অস্থিতিশীল বা সহিংস কোনো কর্মসূচির মাধ্যমে দেশকে অস্থিতিশীল না করার পরামর্শ দিয়েছেন সম্পাদকরা। জনগণের দাবি আদায়ে প্রয়োজন হলে আলোচনা ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে রাজপথে থাকার কথাও তারা বলেছেন।

গোলাম পরওয়ার আরও বলেন, দেশের সংবাদমাধ্যমের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো দূরত্ব নেই। ভবিষ্যতেও সুযোগ পেলে সম্পাদকরা তাদের মতামত জানাবেন বলে জানিয়েছেন।

তিনি অভিযোগ করেন, সংসদে সরকারি ও বিরোধী দলের এমপিদের উন্নয়ন বরাদ্দ, বিলি-বণ্টন এবং সংসদের ফ্লোরে বক্তব্য দেওয়ার সুযোগের ক্ষেত্রে বৈষম্যের তথ্য সম্পাদকদের সামনে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ ও গ্যাস সংকট, গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য এবং প্রবাসীদের অধিকার নিয়েও জামায়াতের অবস্থান তুলে ধরা হয়।

গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, এ প্রশ্নে ১১ দলীয় ঐক্য তথা জামায়াতে ইসলামী ‘তিল পরিমাণ ছাড়’ দেবে না। তিনি বলেন, জনগণের রায়ের সঙ্গে তারা রয়েছেন। সংসদে এর সমাধান হলে ভালো, তা না হলে জনগণের অবস্থানের সঙ্গেই তারা থাকবেন।

মতবিনিময় সভায় জামায়াতের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আব্দুল হালিম, ড. হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুল এমপি, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও সেক্রেটারি ড. রেজাউল করিমসহ অনেকে।

সভায় বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও নির্বাহী সম্পাদকরা অংশ নেন।