২০২৫ সালও বিশ্বে সংকট, সংঘাত ও সহিংসতায় কেটে গেছে। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, দক্ষিণ এশিয়া থেকে আফ্রিকা—সারা পৃথিবী যুদ্ধ ও বর্বরতার সাক্ষী হয়েছে। চরম মানবিক সংকটের মধ্যে গাজার মানুষরা এক বছরের বেশি সময় ধরে অতিষ্ঠ। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ফিলিস্তিনিদের ওপর নারকীয় হামলা এখনও অব্যাহত। যদিও কাগজে-কলমে যুদ্ধবিরতি হয়েছে, উপত্যকায় হামলা পুরোপুরি বন্ধ হয়নি।
মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতা অব্যাহত রয়েছে। গাজার বাইরে ইসরাইলি আগ্রাসনের শিকার হয়েছে একের পর এক দেশ। জুনে ইরান-ইসরাইল সংঘাতে তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর যুক্তরাষ্ট্রও এতে জড়িয়ে পড়ে। তবে মার্কিন মধ্যস্থতায় ভয়াবহ যুদ্ধের আগেই সংঘাত থেমেছে।
লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির পরও তেলআবিব হামলা বন্ধ করেনি। একইভাবে ইয়েমেন, কাতার ও সিরিয়ায় আগ্রাসন চালিয়েছে। সিরিয়া অভ্যন্তরীণ সংঘাতের কারণে অশান্ত, আর ইয়েমেনে ক্ষমতার লড়াই চলছে।
ইউরোপেও যুদ্ধ স্থায়ী হয়েছে আরও এক বছর। রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধে মার্কিন মধ্যস্থতায় বহু দফা বৈঠক হলেও ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধ এখনো থামেনি।
আফ্রিকাতেও ২০২৫ সালে মানবেতর জীবন। তিন বছরের বেশি সময় ধরে গৃহযুদ্ধে জর্জরিত সুদান বিশ্বমানবতার সবচেয়ে বড় সংকটের সাক্ষী। কঙ্গোর উত্তরাঞ্চল, নাইজার, মালি ও বুরকিনা ফাসোসহ পশ্চিম আফ্রিকায় জঙ্গি হামলা অব্যাহত।
দক্ষিণ এশিয়াও শান্ত নয়। ভারত ও পাকিস্তানের চার দিনের যুদ্ধের পর সংঘাত থেমেছে, তবে প্রতিবেশি আফগানিস্তানের সঙ্গে পাকিস্তান একাধিকবার সংঘাতে জড়িয়েছে। মিয়ানমার, থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে গৃহযুদ্ধ ও সংঘাত চলেছে। চীন-তাইওয়ান উত্তপ্ত, উত্তর কোরিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়াতেও উত্তেজনা দেখা দিয়েছে।
২০২৫ সালেও সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়েছে বিভিন্ন দেশ। গ্লোবাল প্রোটেস্ট ট্রাকার অনুযায়ী, দুর্নীতি, অনিয়ম ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে অন্তত ৭০টি দেশে আন্দোলন হয়েছে, নেপাল ও বুলগেরিয়াসহ একাধিক দেশে সরকারও পতিত হয়েছে।
মার্কিন রাজনীতির পালাবদলের পর ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় ফিরে বিশ্বে শুল্ক যুদ্ধ শুরু করেছেন। বিশ্ব অর্থনীতি অস্থিতিশীল, বহু দেশের ওপর বড় অঙ্কের মার্কিন শুল্ক এখনো আছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও এশিয়ার বিভিন্ন দেশ চরম বৈরি আবহাওয়ার শিকার হয়েছে। বছরজুড়ে ভূমিকম্প, দাবানল, ঝড় ও বন্যার প্রকোপে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।



