tanaka
প্রচ্ছদজাতীয়‘সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য’

‘সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য’

আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি তার সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের কল্যাণে। তিনি আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে এবং নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে, বলেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন, “আমার মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” তিনি আরও লিখেছেন, অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী ও আপসহীন নেতা; অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ আমরা হারিয়েছি একজন পথপ্রদর্শককে, যিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনে অনন্য অবদান রেখেছেন।

তারেক রহমান উল্লেখ করেন, ত্যাগ ও সংগ্রামের মধ্যে থেকেও তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক, এমন একজন আলোকবর্তিকা, যার অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা জুগিয়েছে। তিনি বারবার গ্রেপ্তার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন এবং সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবু যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যেও তিনি অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেমে পরিবারের প্রতিটি সদস্যকে অনুপ্রাণিত করেছেন।

দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তারেক রহমান লিখেছেন, “এই দেশ, এই দেশের মানুষই ছিল তার পরিবার, তার সত্তা, তার অস্তিত্ব।” তিনি রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারেক রহমান সবাইকে তার মা’র জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, “তার প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ।”