tanaka
প্রচ্ছদসারাদেশবিচ্ছেদের পর কেমন আছেন মোনালিসা, জন্মদিনে জানালেন মনের কথা

বিচ্ছেদের পর কেমন আছেন মোনালিসা, জন্মদিনে জানালেন মনের কথা

একসময় ছোটপর্দার ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী-মডেল ছিলেন মোজেজা আশরাফ মোনালিসা। অভিনয় ও মডেলিংয়ে একের পর এক কাজ করে দর্শকের নজর কেড়েছিলেন তিনি। তবে সময়ের সঙ্গে বদলে গেছে তার জীবন। বেশ কয়েক বছর ধরে অভিনয় ও মডেলিং থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।

সোমবার (৫ অক্টোবর) ছিল মোনালিসার জন্মদিন। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি প্রকাশ করে নিজেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি জীবনের নানা উত্থান-পতন, পাওয়া-না পাওয়া এবং প্রতিকূলতার মধ্যেও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

জন্মদিন উপলক্ষে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে মোনালিসা বলেন, ‘আল্লাহ যেন আমাকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করেন। প্রতিটি দিন কৃতজ্ঞতার সঙ্গে উপভোগ করার তাওফিক দেন। আশীর্বাদ, সুন্দর মুহূর্ত এবং নতুন নতুন অর্জনে ভরে উঠুক জীবনের আরও একটি বছর।’

জীবনের নানা চড়াই-উতরাইয়ের কথা তুলে ধরে তিনি বলেন, ‘জীবনে উত্থান-পতন সত্ত্বেও কৃতজ্ঞ হওয়ার অসংখ্য কারণ খুঁজে পাই। মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। কারণ জীবনে আরও একটি বছর, সুস্বাস্থ্য, শক্তি ও প্রতিকূলতা মোকাবিলার মানসিক দৃঢ়তা দান করেছেন তিনি।’

নিজের জীবনের অভিজ্ঞতা নিয়ে মোনালিসা আরও বলেন, ‘আজ জীবনের আরও একটি বছর পূর্ণ হওয়ার আনন্দ উদযাপন করছি। বছরটি নানা চ্যালেঞ্জ, শিক্ষা, উন্নতি ও আনন্দে ভরা ছিল। জীবনের প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ। কারণ প্রতিটি অভিজ্ঞতা আজকের মানুষ হিসেবে আমাকে গড়ে তুলেছে।’

ক্যারিয়ারের সাফল্যের সময়ে ২০১২ সালে নিউইয়র্কপ্রবাসী ফাইয়াজ শরিফকে বিয়ে করেন মোনালিসা। পরের বছর স্বামীর সঙ্গে নিউইয়র্কে সংসার শুরু করেন তিনি। একই সময়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবেও দায়িত্ব পালন শুরু করেন।

তবে সেই দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের প্রায় এক বছরের মধ্যেই বিচ্ছেদ ঘটে তাদের। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন করে আর সংসার বাঁধেননি মোনালিসা। বর্তমানে যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন তিনি।

অভিনয় ও মডেলিং থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছ থেকে দূরে সরে যাননি মোনালিসা। নিয়মিতই নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও জীবনের নানা ভাবনা শেয়ার করেন তিনি।

জন্মদিনের বার্তাতেও সেই জীবনেরই প্রতিফলন দেখা গেছে—অতীতের অভিজ্ঞতা ও প্রতিকূলতাকে সঙ্গে নিয়ে নতুন একটি বছরকে কৃতজ্ঞতা, সুস্থতা ও ইতিবাচক প্রত্যাশায় বরণ করে নিয়েছেন এই অভিনেত্রী