tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনঢাকার মঞ্চে ওয়াহাজ আলি, নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি ভাইরাল

ঢাকার মঞ্চে ওয়াহাজ আলি, নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি ভাইরাল

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ওয়াহাজ আলিকে নিয়ে বাংলাদেশি দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। বিশেষ করে আলোচিত সিরিয়াল ‘তেরে বিন’-এ মুরতাসিম চরিত্রে অভিনয় করে উপমহাদেশের দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। এবার ঢাকার মঞ্চে দেখা গেল এই পাকিস্তানি তারকাকে, সঙ্গে ছিলেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া।

২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় ওয়াহাজ আলির। এরপর ‘ইশক জালেবি’, ‘দিল নওয়াজ’, ‘ফিতুর’সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেন তিনি। তবে ‘তেরে বিন’ সিরিয়ালের মুরতাসিম চরিত্রই তাকে আন্তর্জাতিক দর্শকের কাছে ব্যাপক পরিচিতি এনে দেয়। এর সূত্র ধরে বাংলাদেশ ও ভারতেও তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে।

কয়েক দিন আগেই ঢাকায় আসার কথা জানিয়েছিলেন ওয়াহাজ আলি। অবশেষে শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত ফ্যাশন শো ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’-এ অংশ নেন তিনি।

একই আয়োজনে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়াও। অনুষ্ঠানের ফাঁকে ওয়াহাজ আলির সঙ্গে তোলা একটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবিটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছবির ক্যাপশনে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘জামদানি পরে গর্বের সঙ্গে হেঁটেছি, ভালোবাসা দিয়ে প্রতিনিধিত্ব করেছি, আর স্মৃতি জমিয়েছি।’

ছবিতে নুসরাত ফারিয়াকে দেখা গেছে জামদানি মোটিফের গাঢ় বেগুনি স্ট্র্যাপলেস লেহেঙ্গায়। পোশাকের সঙ্গে মানানসই গয়নায় ছিল হার, ঝুমকা, চুড়ি ও টিকলি। অন্যদিকে ওয়াহাজ আলির পরনে ছিল গাঢ় নীল ফরমাল স্যুট ও একই রঙের শার্ট।

ওয়াহাজ ও নুসরাতের একসঙ্গে তোলা ছবি প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই ছবিতে রিঅ্যাক্ট ও মন্তব্য করেছেন। কেউ কেউ আবার দুই দেশের জনপ্রিয় এই দুই অভিনয়শিল্পীকে ভবিষ্যতে একসঙ্গে কোনো নাটক, সিনেমা বা ওয়েব কনটেন্টে দেখার আগ্রহ প্রকাশ করেছেন।

জানা গেছে, ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ শীর্ষক ফ্যাশন শোতে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সামানজার সাঈদসহ আরও অনেক তারকা ও মডেল অংশ নেন।