ঢাকার কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতেই পরিকল্পিতভাবে গুপ্ত হামলা চালানো হচ্ছে।’
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী স্বৈরাচারী শাসনের পতনের পর ঘাপটি মেরে থাকা দুষ্কৃতকারীরা আবার সক্রিয় হয়ে উঠেছে। তারা দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের অরাজকতা ও সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘হাসান মোল্লার ওপর হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় তারা আরও বড় ধরনের নাশকতায় জড়াতে পারে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ক্রমাবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবিলম্বে উন্নতি ঘটানো জরুরি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে অবশ্যই দেশজুড়ে ভয়শূন্য পরিবেশ সৃষ্টি করতে হবে।’
উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে ঢাকার কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়নের দলীয় কার্যালয়ের সামনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা (৪২) গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।



