tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদরাজনীতিবিএনপি জানে কীভাবে দুর্নীতির লাগাম টানতে হয়: তারেক রহমান

বিএনপি জানে কীভাবে দুর্নীতির লাগাম টানতে হয়: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনায় বিএনপির বাস্তব অভিজ্ঞতা রয়েছে এবং দলটি জানে কীভাবে কার্যকরভাবে দুর্নীতির লাগাম টানতে হয়। তিনি দাবি করেন, খালেদা জিয়ার শাসনামলে দেশে দুর্নীতির মাত্রা ছিল তুলনামূলকভাবে সর্বনিম্ন। চারদলীয় জোট সরকার যদি দুর্নীতিগ্রস্ত হতো, তবে সে সময় সরকারের অংশ থাকা জামায়াতের দুই শীর্ষ নেতা কেন পদত্যাগ করেননি—এ প্রশ্নও তোলেন তিনি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে নির্বাচনী প্রচারণার এক সমাবেশে এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, গত ১৫ বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। ভোটাধিকার না থাকায় স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা ও অবকাঠামোসহ মৌলিক সমস্যাগুলোর সমাধান হয়নি। ভোটাধিকার নিশ্চিত থাকলে জনগণের সমস্যার সমাধান সম্ভব হতো। মানুষ চায় সময়মতো চিকিৎসা, মানসম্মত শিক্ষা এবং মৌলিক অধিকারগুলোর নিশ্চয়তা।

তারেক রহমান আরও বলেন, বর্তমানে একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে যে ভাষা ব্যবহার করছে, তা পালিয়ে যাওয়া এক স্বৈরাচারের ভাষার সঙ্গে মিল রয়েছে। তারা দাবি করছে বিএনপি দুর্নীতিতে ‘চ্যাম্পিয়ন’ ছিল। কিন্তু ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সেই সরকারের অংশ হিসেবেই তো তাদের দলের দুই নেতা মন্ত্রিসভায় ছিলেন। বিএনপি যদি এতটাই খারাপ হতো, তাহলে তারা কেন তখন পদত্যাগ করেননি?

জামায়াত নেতাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তারা পদত্যাগ করেননি কারণ তারা জানতেন—খালেদা জিয়া কঠোরভাবে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দিতেন না। যারা আজ অভিযোগ তুলছে, তাদেরই প্রতিনিধিরা পুরো মেয়াদজুড়ে সরকারের অংশ ছিলেন—এটাই সত্যের প্রমাণ।

উল্লেখ্য, ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের মন্ত্রিসভায় জামায়াতে ইসলামের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ দায়িত্ব পালন করেন। নিজামী প্রথমে কৃষিমন্ত্রী এবং পরে শিল্পমন্ত্রী ছিলেন। মুজাহিদ দায়িত্ব পালন করেন সমাজকল্যাণমন্ত্রীর।

খালেদা জিয়ার শাসনামল প্রসঙ্গে তারেক রহমান বলেন, আন্তর্জাতিক বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী ওই সময় বাংলাদেশে দুর্নীতির গতি নিম্নমুখী ছিল। ২০০১ সালে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ধীরে ধীরে দুর্নীতির করাল গ্রাস থেকে বেরিয়ে আসতে শুরু করে। যারা বিএনপিকে এভাবে দোষারোপ করছে, তাদের নিজেদের দলের প্রতিনিধিদের সরকারের অংশগ্রহণই প্রমাণ করে—তারা নিজেরাই কতটা অসত্য বক্তব্য দিচ্ছে।