কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং পাহাড়ি এলাকা থেকে ছয়জন কৃষককে অপহরণ করেছে সশস্ত্র পাহাড়ি ডাকাতদল।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। অপহৃতরা হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী গ্রামের মো. জমির (৩০), মো. মুন্না (২৫), মো. মাহাত আলম (৩০), মো. রফিক (৩৫), মো. মোজাহার (৫০) ও মোস্তাক আহমেদ (২৭)।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে হোয়াইক্যং ইউনিয়নের ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের কম্বনিয়া পাড়া, ঝিমংখালী ও মিনাবাজারসংলগ্ন পাহাড়ে কৃষিকাজ করতে গেলে সশস্ত্র ডাকাতদলের সদস্যরা অস্ত্রের মুখে ছয় কৃষককে অপহরণ করে নিয়ে যায়।
তিনি আরও বলেন, ঘটনার খবর পেয়ে অপহৃতদের পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়। তবে এখনো পর্যন্ত অপহৃতদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, পাহাড়ি এলাকায় কৃষিকাজ ও জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে ঝিমংখালী গ্রামের ছয়জন অপহরণের খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং তাদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



