tanaka
প্রচ্ছদজাতীয়বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে শোকবই খোলা হয়েছে

বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে শোকবই খোলা হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে শোকবই খোলা হয়েছে। এই শোকবইতে কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা সমবেদনা জানাতে পারবেন। মঙ্গলবার বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

দলের স্থায়ী কমিটির জরুরি সভার পর জানানো হয় যে, আগামী ৭ দিন বিএনপি দলীয়ভাবে শোক পালন করবে এবং মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি, বিদেশি মিশন, দূতাবাস ও অফিসগুলোর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য গুলশানের চেয়ারপারসন কার্যালয় এবং পল্টনের দলের প্রধান কার্যালয়ে আজ থেকে পরবর্তী তিন দিন শোকবই খোলা থাকবে।

বিএনপির অফিসিয়াল পেজে বলা হয়েছে, মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত শোকবই খোলা থাকবে। এছাড়া, আগামীকাল ৩১ ডিসেম্বর বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং ১ জানুয়ারি ২০২৬, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গুলশান কার্যালয়ে শোকবই খোলা থাকবে। অন্যদিকে, সর্বস্তরের মানুষ সমবেদনা জানাতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকালে, ফজরের পর, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ খবর সকাল ৭টার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়। বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে দলের পক্ষ থেকে সবার কাছে তার বিদেহী আত্মার জন্য দোয়া চাওয়া হয়েছে।