ভোটের প্রচারণা শুরু হয়েছে। প্রচারণার সূচনালগ্নে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সিলেট সফরে রয়েছেন। সেখান থেকেই তিনি দলের আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু করবেন এবং বিএনপির বার্তা গণমানুষের কাছে পৌঁছে দেবেন।
বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পর থেকে বিএনপি একগুচ্ছ নতুন পরিকল্পনা ও ইশতেহারের রূপরেখা প্রকাশ করতে শুরু করে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের নির্বাচনে বিএনপির ইশতেহারের মূলভিত্তি হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘১৯ দফা’ ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’।
রাজধানীর হোটেল লেকশোরে বিএনপির নির্বাচনি থিম সং-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ।
‘ভোট দিবো কিসে—ধানের শীষে’, ‘সবার আগে বাংলাদেশ’সহ বিএনপির একাধিক নির্বাচনি স্লোগান যুক্ত করে এই থিম সং তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন ও নিউট্রনের মধ্যে দৃঢ় বন্ধন থাকে, তেমনি বিএনপি একটি শক্তিশালী রাষ্ট্রীয় দর্শনে বিশ্বাস করে—বাংলাদেশি জাতীয়তাবাদ। এই দর্শনের প্রতীক হলো ধানের শীষ।
তিনি বলেন, ধানের শীষ কেবল একটি নির্বাচনি প্রতীক নয়, এটি গ্রামবাংলার প্রতীকে রূপ নিয়েছে। তবে নানা বিধিনিষেধ ও নিয়মের কারণে পাড়া-মহল্লায় আগের মতো নির্বাচনী উৎসব অনেকটাই কমে গেছে।
রিজভী আরও বলেন, সবাইকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তা আবারও ফিরে আসবে।
তিনি বলেন, ধানের শীষ প্রতীক শেখ হাসিনাও মুছে দিতে পারেননি, আর কেউ পারবেও না। মানুষের হৃদয়ে হৃদয়ে এই প্রতীক গভীরভাবে মিশে আছে।



