tanaka

বাগেরহাট হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্সে আগুন, দগ্ধ চালক; পুড়েছে ৮ মোটরসাইকেল

বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল চত্বরে একটি অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনায় চালক দগ্ধ হয়েছেন। পরে আগুন পাশের আটটি মোটরসাইকেলে ছড়িয়ে পড়ে। তবে এ...
প্রচ্ছদসারাদেশবাগেরহাট হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্সে আগুন, দগ্ধ চালক; পুড়েছে ৮ মোটরসাইকেল

বাগেরহাট হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্সে আগুন, দগ্ধ চালক; পুড়েছে ৮ মোটরসাইকেল

বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল চত্বরে একটি অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনায় চালক দগ্ধ হয়েছেন। পরে আগুন পাশের আটটি মোটরসাইকেলে ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো রোগী, চিকিৎসক বা হাসপাতালকর্মী হতাহত হননি।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টার পর হাসপাতালের প্রধান গেটের কাছে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল চত্বরে থাকা একটি অ্যাম্বুলেন্স থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের মোটরসাইকেলগুলোতে ছড়িয়ে পড়ে। এতে আটটি মোটরসাইকেল পুড়ে যায়। আগুনের ঘটনায় হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান জানান, খবর পাওয়ার প্রায় ১৫ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার জানান, অ্যাম্বুলেন্স থেকে আগুনের সূত্রপাত হয়ে হাসপাতালের গেটে থাকা আটটি মোটরসাইকেলে ছড়িয়ে পড়ে। এর মধ্যে হাসপাতালের স্টাফদের মোটরসাইকেলও রয়েছে। তবে কোনো রোগী বা হাসপাতালের অন্য কেউ ক্ষতিগ্রস্ত হননি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল হক রাহাদ। পরে জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রাসেলও ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও এর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। অগ্নিকাণ্ডে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় হাসপাতালের মূল ভবন ও রোগীরা বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন।