tanaka
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিবাংলাদেশ ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে: বিডা

বাংলাদেশ ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে: বিডা

বাংলাদেশ ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান রোচি জানান, প্রাপ্ত প্রস্তাবগুলোর মধ্যে প্রায় ২০ শতাংশ ইতোমধ্যে অগ্রসর পর্যায়ে রয়েছে, যার মধ্যে রয়েছে চুক্তি স্বাক্ষর, জমি ইজারা নিশ্চিতকরণ এবং বরাদ্দপত্র প্রদান।

মঙ্গলবার রাজধানীর বিডা অডিটোরিয়ামে বিনিয়োগ বিষয়ক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, এ প্রবণতা বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াচ্ছে এবং সরকারের শিল্পায়ন প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করছে।

রোচি আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু বিনিয়োগের পরিমাণ বাড়ানো নয়, বরং এর মান ও স্থায়িত্ব নিশ্চিত করা। প্রক্রিয়া আরও সহজ হলে আগামী মাসগুলোতে আরও কার্যকর ফল আসবে।”

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) তথ্যমতে, প্রস্তাবিত বিনিয়োগের প্রায় ৬০ শতাংশ এখন অনুসন্ধানী বা যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে। বাকি প্রায় ২০ শতাংশ গভীর পর্যালোচনায় রয়েছে, যা আনুষ্ঠানিক অনুমোদনের আগের ধাপ।

বেজার নির্বাহী সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মো. নজরুল ইসলাম জানান, বিনিয়োগকারীদের সুবিধার্থে শিগগিরই একটি ইউনিফাইড ইনভেস্টমেন্ট পোর্টাল চালু করা হবে, যেখানে বিনিয়োগের অগ্রগতি, জমির প্রাপ্যতা ও অনুমোদন সংক্রান্ত তথ্য এক জায়গায় পাওয়া যাবে। এটি বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর পাশাপাশি প্রশাসনিক ফলোআপের সময়ও কমাবে।

তিনি আরও জানান, টেকসই বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বেজা ইতোমধ্যেই আন্তর্জাতিক পরামর্শকদের সহায়তায় একটি গবেষণা ইউনিট গঠন করেছে। এ ইউনিট রাবার, আসবাবপত্র, ওষুধ শিল্প ও পর্যটনসহ সম্ভাবনাময় খাতগুলো চিহ্নিত করছে।

তবে নাহিয়ান রহমান রোচি সতর্ক করে বলেন, “প্রস্তাব পাওয়া উৎসাহজনক হলেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সেগুলোকে বাস্তব প্রকল্পে রূপান্তর করা। এজন্য জমি অধিগ্রহণ, অবকাঠামো প্রস্তুতি ও ইউটিলিটি সেবা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ জরুরি।”