tanaka
প্রচ্ছদরাজনীতিফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত করল বিএনপি

ফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত করল বিএনপি

জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে। এর আগে একই দিন ফজলুর রহমান শোকজ নোটিশের লিখিত জবাব জমা দেন। তবে সেটি অসন্তোষজনক হওয়ায় দল এ ব্যবস্থা নেয়।

পদ স্থগিতের চিঠিতে বলা হয়, ২৪ আগস্ট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে জবাব দেওয়ার জন্য আরও ২৪ ঘণ্টার সময় বাড়ানো হলেও তিনি যে জবাব জমা দিয়েছেন তা সন্তোষজনক হয়নি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, মুক্তিযোদ্ধা হিসেবে তার অবদান বিবেচনায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে আপাতত তিন মাসের জন্য তার সব ধরনের দলীয় পদ স্থগিত করা হলো। একই সঙ্গে তাকে সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় দেশের মর্যাদা, দলের নীতিমালা ও জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে।