নিয়মিত প্রধান কোচ পিটার বাটলারের অনুপস্থিতিতে বাংলাদেশ নারী ফুটবল দলের দায়িত্ব পেয়েছেন ফরাসি কোচ এরিক মারে। আগামী এক মাসের জন্য তাকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মারের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। ফলে আপাতত তার অধীনেই অনুশীলন চালিয়ে যাবে ঋতুপর্ণা চাকমারা।
এদিকে নিয়মিত কোচ পিটার বাটলারের শারীরিক অবস্থার উন্নতি কামনা করেছে বাফুফে। সংবাদ বিজ্ঞপ্তিতে তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনার পাশাপাশি শিগগিরই আবার দলের সঙ্গে যোগ দেওয়ার আশাও প্রকাশ করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
বাটলারের অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন এরিক মারে। তার অধীনেই আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল।



