পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরের গুলশানাবাদ এলাকায় নিজ বাসা থেকে রাবিয়া আহসান নামে এক নারী টেলিভিশন উপস্থাপকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দেশটির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংবাদ পাঠিকা ও অনুষ্ঠান উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। রোববার (৮ নভেম্বর) এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।
ঘটনার পরপরই নিহতের স্বামীকে হেফাজতে নিয়েছে রাওয়ালপিন্ডি পুলিশ। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা একটি আগ্নেয়াস্ত্রও জব্দ করা হয়েছে।
রাওয়ালপিন্ডির সিটি পুলিশ অফিসার (সিপিও) হাসান মুশতাক সুখেরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। খবর পেয়ে তিনি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও ফরেনসিক দলের সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে ওই বাড়ির এক পুরুষ গৃহকর্মী জানান, নিহতের স্বামী দাবি করেছিলেন, বন্দুক থেকে দুর্ঘটনাবশত গুলি বের হয়ে এ ঘটনা ঘটেছে। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে পাঞ্জাব ফরেনসিক সায়েন্স এজেন্সির একটি বিশেষ দল ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
হত্যাকাণ্ডে গভীর শোক ও নিন্দা জানিয়েছেন পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো-জারদারি। প্রেসিডেন্সি থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন, যাতে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়।
একই এলাকায় কর্মজীবী নারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ প্রসঙ্গে গত আগস্টে রাওয়ালপিন্ডিতে নিজ বাসায় ডিজিটাল মিডিয়া নির্বাহী হিনা জাভেদের রহস্যজনক মৃত্যুর ঘটনা স্মরণ করিয়ে দেন আসিফা ভুট্টো। তিনি বলেন, পরপর দুজন কর্মজীবী নারীর এমন নির্মম মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক।
সূত্র: দ্য ট্রিবিউন



